রাঁধুনী কীর্তিমতী সম্মাননা পেলেন তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের তিন নারী পেয়েছেন রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০১১। রাজশাহীর কল্পনা রায় ভৌমিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য পেয়েছেন ‘কীর্তিমান হিতৈষী’ সম্মাননা। নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে পাচারকারীদের হাত থেকে অন্য নারীদের রক্ষার স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের রাবেয়া খাতুন শিমুল পেয়েছেন ‘কীর্তিমান সাংবাদিক’ সম্মাননা। সৃজনশীল বইয়ের বিপণনপ্রতিষ্ঠান বইপত্র সফলভাবে পরিচালনার জন্য সিলেটের সেলিমা সুলতানা পেয়েছেন ‘কীর্তিমান নারী উদ্যোক্তা’ সম্মাননা।গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে ওই তিন নারীর হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকা করে চেক ও সম্মাননা ক্রেস্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিগত পাঁচ বছরের ধারাবাহিকতায় স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড এ সম্মাননা দেয়।সম্মাননাপ্রাপ্ত নারীদের হাতে স্মারক তুলে দেন অতিথি খুশী কবির, নীলুফার মঞ্জুর, আশা মেহরিন আমিন, জুরি বোর্ডের সদস্য গোলাম সারওয়ার এবং আয়োজকদের পক্ষ থেকে মোনিরা এম. চৌধুরী ও এরিক এইচ চৌধুরী।স্বাগত বক্তব্যে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, এই সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে কেবল তিন সাহসী নারীকে নয়, সব আপসহীন নারীকে সম্মান জানানো হচ্ছে।সারা দেশের সংবাদকর্মীদের মনোনয়নের ভিত্তিতে একটি জুরি বোর্ড সম্মাননাপ্রাপ্ত নারীদের নির্বাচন করে। বোর্ডের সদস্যরা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ও রোকেয়া আফজাল রহমান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, নারী উদ্যোক্তা রোকেয়া কাদের ও নাসরিন আউয়াল মিন্টু।অনুষ্ঠানের শেষ পর্বে শিল্পী সুবীর নন্দী ও শাকিলা জাফর জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন।