রাইজার বিস্ফোরণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নিম্নমানের পাইপ ও রাইজার বসিয়ে অবৈধভাবে সংযোগ নিয়ে তিতাসের গ্যাস ব্যবহার করার সময় গত বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাঁচ গ্রামে রাইজার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি এলাকায় গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, বুধবার উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের গোহাট্টা, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ, হাতকোপা, সাদিপুর ইউনিয়নের সাদিপুর ও নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় রাইজার বিস্ফোরণ ঘটে। এ সময় আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
খবর পেয়ে তিতাস গ্যাসের কর্মকর্তারা অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে ওই এলাকার সব ধরনের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব জানান, নিম্নমানের রাইজার ও পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন স্থানে গ্যাস-সংযোগ নিয়ে এক শ্রেণির লোক ব্যবহার করছে। এ কারণেই রাইজারে বিস্ফোরণ ঘটে, একই দিনে পাঁচ গ্রামে আগুন ধরে। অবৈধ সংযোগগুলো যাতে নতুন করে কেউ নিতে না পারে, সে জন্য সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।