রাইজার সংকটে থেমে গেছে রাজশাহীর গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস-সংযোগের উপকরণের অভাবে রাজশাহীর গ্যাস-সংযোগ থেমে গেছে। একই কারণে গত বছর বরাদ্দ ফেরত গেছে। এবারও রাজশাহীর গ্রাহকদের বিপুল চাহিদার বিপরীতে প্রাপ্ত সামান্য বরাদ্দও ফেরত যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল) সূত্রে জানা গেছে, রাজশাহীতে এখন পর্যন্ত গ্যাস-সংযোগের জন্য ১৯ হাজার ৮০০ গ্রাহকের আবেদন পড়ে আছে। বিপুল এই চাহিদার বিপরীতে চলতি অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে মাত্র সাড়ে তিন হাজার রাইজার (লাইন থেকে গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়ার মাধ্যম)। এ নিয়ে রাজশাহীর গ্রাহকদের মধ্যে চরম হতাশা রয়েছে।
সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ২০১৩ সালের জুন মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে বাসাবাড়িতে গ্যাস-সংযোগের জন্য জোর তৎপরতা শুরু হয়। দ্রুত সংযোগ দিতে রাইজার উত্তোলনের জন্য নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। কোনো ঠিকাদার নিয়োগ না করেই সিরাজগঞ্জে নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসকে রাজশাহীতে রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি কাজও শুরু করে। সেই তাড়াহুড়ার গ্যাস-সংযোগ এখন স্থবির হয়ে পড়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ২০০ বাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।
নগরের লক্ষ্মীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, বিভাগীয় শহর হিসেবে এই বরাদ্দের পরিমাণ আরও বেশি হওয়া দরকার ছিল। এমনিতেই গতবার রাজশাহীর বরাদ্দ ফিরে যাওয়ায় তাঁরা অবাক হয়েছেন। এবার অর্থবছরের মাত্র দুই মাস কাজ করার পর আবার কাজ বন্ধ হয়ে গেছে। এটা রাজশাহীর প্রতি সরকারের উদাসীনতারই প্রমাণ।
গত বছর ছয় হাজার রাইজারের বরাদ্দ মেলে। তবে নির্দিষ্ট সময়ে গ্যাস-সংযোগের উপকরণ সরবরাহ ছিল না। অর্থবছরও শেষ হয়ে যায়। শেষে প্রায় ৬০০ গ্রাহকের বরাদ্দ ফেরতে গেছে।
পিজিসিএল সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জুনে দরপত্র আহ্বান করা হয়। গণখাতে ক্রয়বিধি অনুযায়ী দরপত্র গ্রহণ, মূল্যায়ন থেকে কাজ শুরু পর্যন্ত সর্বোচ্চ দুই মাস সময় লাগার কথা। সেই হিসেবে ২৩ জুনে গৃহীত দরপত্রে কাজ শুরু হওয়ার কথা ২৩ আগস্টের মধ্যে। কিন্তু কার্যাদেশ দেওয়া হয়েছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। আর ঠিকাদার কাজ শুরু করেছেন ২৯ নভেম্বর থেকে।
গত জানুয়ারি মাসের শেষের দিকে সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ১ হাজার ৮৩টি রাইজার উত্তোলন করা সম্ভব হয়েছে। এর পর থেকে গ্যাস সংযোগের কাজ থেমে আছে। বরাদ্দ অনুযায়ী, ৬২ হাজার ৫০০ মিটার গ্যাসলাইন বসানোর কথা। এখন পর্যন্ত মাত্র ১২ হাজার ৮০০ মিটার পাইপ বসানো হয়েছে।
পিজিসিএলের রাজশাহীর ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ আলোকে বলেন, মালামাল-সংকটের কারণে কাজ থেমে গেছে। হরতাল-অবরোধের কারণে মালামাল আনাও সম্ভব হচ্ছিল না। কয়েক দিনের মধ্যে সিলেট থেকে কিছু মালামাল পাওয়া যাবে। অল্প কদিনের মধ্যেই কাজ শুরু করা যাবে।