রাইজোক্টোনিয়ার সংক্রমণ আলুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূলে নয়, এভাবে গাছের কাণ্ডে ধরেছে রোগাক্রান্ত আলু। তানোরের এক চা​িষ দেখাচ্ছেন তাঁর জমির আক্রান্ত আলু l ছবি: প্রথম আলো
মূলে নয়, এভাবে গাছের কাণ্ডে ধরেছে রোগাক্রান্ত আলু। তানোরের এক চা​িষ দেখাচ্ছেন তাঁর জমির আক্রান্ত আলু l ছবি: প্রথম আলো

রাজশাহীতে আলুগাছে প্রথমবারের মতো ‘রাইজোক্টোনিয়া’ রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আলু নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা এবার ক্ষতির মুখে পড়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনজুর হোসেন বলেন, রাইজোক্টোনিয়া নামের একধরনের ছত্রাকের কারণে মাটির ওপরে গাছের কাণ্ডে ধরে আলু। আর মূলে যা ধরে তা নষ্ট। খেতে এই ছত্রাকের আক্রমণ হলে আলুগাছের মূল ও কাণ্ডের মধ্যে সংযোগ বন্ধ হয়ে যায়। পাতায় তৈরি খাবার আর মূলে যেতে পারে না। ফলে কাণ্ডের ওপরের অংশে আলু ধরে। গাছ মারা যায়। অবশ্য মারা যাওয়ার আগে গাছ খুব তাজা দেখায়।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার ৩৯ হাজার ৯৩৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। গত বছর হেক্টরপ্রতি ফলন ছিল ২৪ দশমিক ১৮ মেট্রিক টন। এবার এখন পর্যন্ত কৃষকেরা গড়ে হেক্টরপ্রতি ২২ দশমিক ৯৭ মেট্রিক টন ফসল তুলেছেন।
তানোর উপজেলার বেলঘোরিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে আলুর খেত। কিন্তু মাঝেমধ্যেই দেখা যাচ্ছে, আলু মাটির ওপরে ধরে রয়েছে। সেগুলোর রং নীল। রাজশাহী নগরের অভিজিৎ গুহ তানোরের বেলঘোরিয়া গ্রামে ৮০ বিঘা জমিতে আলু চাষ করেছেন। অভিজিৎ গুহর তত্ত্বাবধায়ক ইমরান আলী বলেন, তাঁর খেতের ৪০ শতাংশ আলু একেবারে নষ্ট হয়ে গেছে। ওই সব খেতে আলু মাটির ওপরে ধরেছে। সেগুলো নীল রঙের হয়েছে। আর মাটির নিচে যেগুলো ধরেছে, সেগুলো নষ্ট। কোনোই কাজে আসবে না। ওই আলুখেত ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
এবার দেড় বিঘা জমিতে বীজ আলু চাষ করা হয়েছিল। এই বীজের দাম পড়েছিল এক মণ ২৫ হাজার টাকা। এক বিঘা জমিতে চার মণ করে বীজ রোপণ করতে হয়েছিল। পোকার উপদ্রব যাতে না হয়, সে জন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। এত কিছু করার পরেও সেই জমির সব আলুর এই অবস্থা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ আলু চাষ করতে এক বিঘায় প্রায় ২৮ হাজার টাকা খরচ হয়। এক বিঘায় কমপক্ষে ১০০ মণ হারে ফলন হতো। এখন যে জমিতে বেশি আক্রমণ হয়েছে, সে পথে বসে গেছে।
মনজুর হোসেন বলেন, গাছের অণু খাদ্যের জন্য সালফার ও ফসফরাস জাতীয় সার প্রয়োগ করতে হয়। এই সার হয়তো বিঘায় আধা কেজি প্রয়োজন। কিন্তু সেখানে কোনো কোনো কৃষক মাটির কথা চিন্তা না করে বেশি ফলনের আশায় হয়তো ২০ কেজি করে দিয়েছেন। এতে করে মাটিতে অম্লত্ব বেড়ে গেছে। এ ছাড়া রোপণের সাত দিনের মধ্যে ভারী বৃষ্টি হলে অথবা শীতের মেয়াদ কমে গেলেও প্রাকৃতিকভাবেই এই ছত্রাকের আক্রমণ দেখা দিতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন হলে আগামী ১০-১৫ বছর পর এই এলাকায় আর আলুই হবে না। কারণ, একবার আক্রান্ত হলে ওষুধ দিয়ে আর কূল পাওয়া যায় না।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দেব দুলাল ঢালীর ফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। তবে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল হক বলেন, এই ছত্রাকে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জরিপ করা হয়নি। এ ব্যাপারে তাঁরা কৃষি গবেষণা ইনস্টিটিউটকে লিখবেন। পরে তাঁদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।