রাইড ছিঁড়ে ব্যাংকার নিহত
চট্টগ্রামে বিয়ের ২২ দিনের মাথায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনুপম চৌধুরী (২৭) নামের এক ব্যাংকার। গত শুক্রবার বিকেলে আগ্রাবাদ কর্ণফুলী শিশুপার্কে স্ত্রী পাপিয়া চৌধুরীকে নিয়ে রোলার কোস্টার রাইডে ওঠার পর সেটির রশি ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় অনুপম মারা যান। দুর্ঘটনায় পাপিয়া চৌধুরীও আহত হন। অনুপম হাটহাজারীর ফটিকা গ্রামের অমূল্যরতন চৌধুরীর ছেলে। নগরের উত্তর নালাপাড়ায় তাঁদের বাসা। জানা গেছে, ২ মার্চ ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা অনুপম চৌধুরীর সঙ্গে পাপিয়ার বিয়ে হয়। শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে কর্ণফুলী শিশুপার্কে বেড়াতে যান তিনি। রোলার কোস্টারে চড়ার সময় সেটির রশি ছিঁড়ে নিচে পড়ে গেলে মাথায় আঘাত পান অনুপম। অনুপমের ভগ্নিপতি বিশ্বজিৎ সেন জানান, অনুপমকে তাৎক্ষণিকভাবে নগরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি মারা যান। কর্ণফুলী শিশুপার্কের প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ‘রোলার কোস্টারে দুর্ঘটনা ঘটেছে। তাঁরাও একটু অসতর্ক ছিলেন। যার কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।’ এদিকে, অনুপমের মরদেহ গতকাল দুপুরেই হাটহাজারীর ফটিকা গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শিশুপার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, ‘হাটহাজারী থেকে ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’