র্যাবের তল্লাশি অভিযানে দুই যুবকের কাছ থেকে রাইফেল উদ্ধারের পর তা নিজের লাইসেন্স করা অস্ত্র বলে দাবি করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী। গত শনিবার বিকেলে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড়দীঘি পাড় এলাকায় গাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব। আটক দুজনকে সেদিন রাতে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে র্যাব বাদী হয়ে মামলা করে।
গ্রেপ্তার শফিউল বশর ওরফে রনি এবং সোহেল রানাকে গতকাল রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, শনিবার রাতে অস্ত্র, গাড়ি এবং আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্রের লাইসেন্স রয়েছে কাউন্সিলরের এমন দাবির বিষয়ে র্যাব অধিনায়ক বলেন, এই অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০১৬ সালে শেষ হয়েছে। এ ছাড়া লাইসেন্স করা অস্ত্র নির্দিষ্ট ব্যক্তির কাছে থাকার নিয়ম থাকলেও তা পাওয়া গেছে শফিউল বশর ও সোহেল রানার কাছে। লাইসেন্সের শর্ত অনুযায়ী অস্ত্রের সঙ্গে সর্বোচ্চ ৫০ রাউন্ড গুলি থাকার কথা। কিন্তু গুলি পাওয়া গেছে ৫৬টি, যা লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়েছে। এ কারণে দুই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রামের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীর সঙ্গে মুঠোফোনে গতকাল কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও ফোন ধরেননি তিনি। গত শনিবার তিনি প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ আটক দুজন তাঁর আত্মীয়।
২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তৌফিক আহমেদ চৌধুরী উল্লেখ করেন, অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। তবে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন তিনি।
অস্ত্র মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাটহাজারী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. শহীদ উল্লাহ শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে অস্ত্র আইনে দুই আসামির বিরুদ্ধে মামলা করেন। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।