রাউজান ও চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
চট্টগ্রামের রাউজান ও কক্সবাজারের চকরিয়ায় গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
গতকাল বিকেলে রাউজানের বধূপাড়া এলাকায় মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তাঁর হলেন অটোরিকশার যাত্রী সুবল ধর (৫০), জসিম উদ্দিন (৩৮) ও অটোরিকশাচালক ইলিয়াস (৩০)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাউজান পল্লী বিদ্যুতের প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াস (৩৮)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান থানার নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপুলিশ পরিদর্শক (এসআই) টুটুল মজুমদার প্রথম আলোকে বলেন, ইটবোঝাই মিনি ট্রাকটি রাউজানের পাহাড়তলী থেকে হাটহাজারী যাচ্ছিল। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান অটোরিকশাচালক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই হামিদুর রহমান জানান, প্রকৌশলী ইলিয়াস মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
এদিকে কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক ও চার যাত্রী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া-বদরখালী সড়কের শাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আবু ছালেক (৪০) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা এবং সিকদারপাড়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক। আহতদের মধ্যে সাহাবউদ্দিন (৫৫) ও আবুল হাসনাতকে (২৭) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ব্যক্তিরা বলেন, বদরখালী থেকে চকরিয়ামুখী অটোরিকশায় ওঠেন তাঁরা। অটোরিকশাটি কোরালখালী এলাকার মোড় ঘুরতেই একটি পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শিক্ষক আবু ছালেককে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন।