রাউজান ও ফটিকছড়ির নির্বাচন বাতিলের দাবি বিএনপির
রাউজান ও ফটিকছড়ি উপজেলা পরিষদের নির্বাচন বাতিল করে নতুন তফসিলে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত দুই প্রার্থী।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ফটিকছড়িতে ৫১ কেন্দ্র এবং রাউজানে ৬৫ কেন্দ্রে ভোট ডাকাতির অভিযোগ আনা হয়। সরকার-সমর্থক ক্যাডাররা ভোট ডাকাতির সঙ্গে জড়িত বলে বলা হয়। ফটিকছড়িতে বিএনপি-সমর্থিত প্রার্থী মো. সরওয়ার আলম এবং রাউজানের মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান প্রার্থী সরওয়ার আলমগীর বলেন, স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারি, সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্নেল (অব.) আজিম উল্লাহ, নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনা বাবু, সন্ত্রাসী বাকের বাহিনীর প্রধান বাকের ভোট ডাকাতির সঙ্গে জড়িত। ৫১টি কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীদের ঘেঁষতে দেওয়া হয়নি। পুলিশ লাঠিপেটা করে তাঁদের তাড়িয়ে দেয়। এমনকি ফটিকছড়ি ও ভুজপুর থানার ওসিরা সরকার-সমর্থক প্রার্থীর প্রতীকে সিল মেরেছেন। সংবাদ সম্মেলনে রাউজানের চেয়ারম্যান প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, ক্ষমতাসীন দলের স্বঘোষিত গডফাদারের নির্দেশে সশস্ত্র সন্ত্রাসীরা হিংস্র নেকড়ের মতো কেন্দ্র দখলে নেয়। প্রশাসনের ছত্রচ্ছায়ায় রাজকীয় কায়দায় তারা জাল ভোট দিতে মেতে ওঠে। রোববার সকাল ১০টার মধ্যে ৬৫ কেন্দ্র দখলে নেয়, যা নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীও ভোট ডাকাতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন।
গিয়াস কাদের চৌধুরী বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। অথচ তারা ক্ষমতা প্রয়োগ করেনি। তাদের নীরবতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।