রাউজান ও রাঙ্গুনিয়ার আট প্রতিষ্ঠানকে জরিমানা
বেশি দামে চিনি বিক্রি, পচা মিষ্টি সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়ায় আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুই উপজেলায় পৃথক অভিযানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাঙ্গুনিয়ায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। রাউজানের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোনায়েদ কবির।
রাঙ্গুনিয়া উপজেলায় অভিযান চালিয়ে মরিয়মনগর চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইলিয়াছের মালিকানাধীন মক্কা হোটেলকে ২ হাজার টাকা এবং তাঁর মিষ্টি কারখানাকে ৫ হাজার টাকা, মো. নাজিমের মালিকানাধীন মিষ্টি কারখানাকে ৫ হাজার টাকা, চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় মো. ইউসুফের মালিকানাধীন হামীম হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এদিকে গতকাল রাউজান উপজেলার ফকিরহাট বাজার ও মুন্সিরঘাটায় অভিযান চালানো হয়। অভিযানে বেশি দরে চিনি বিক্রির দায়ে ফকিরহাট বাজারের আলম সওদাগরের মুদির দোকান এবং জেবিএল স্টোরকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পচা মিষ্টি সংরক্ষণ করায় একই বাজারের ঘৃত ও মিষ্টি ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্নতার জন্য মুন্সিরঘাটা এলাকার আল কালাম নামের একটি রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির প্রথম আলোকে বলেন, কেজিতে ছয় টাকা বেশি দরে চিনি বিক্রির জন্য দুটি মুদিদোকানকে জরিমানা করা হয়েছে। পচা মিষ্টি রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশের জন্য দুটি মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে।