রাউজান ও হাটহাজারীর মানুষ সুবিধা পাবে
চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলায় হালদা নদীর ভাঙন রোধে ২১২ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। এই প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ, বাঁধ মেরামত, বন্যা প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হবে। তবে নদীর ফটিকছড়ি অংশের ভাঙন রোধের বিষয়টি এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়নি।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন এই প্রকল্পটির নাম ‘চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণের কাজ’। খাগড়াছড়ি থেকে উৎপন্ন হালদা নদী ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলা হয়ে কর্ণফুলীর সঙ্গে মিশেছে।
প্রকল্পের বিষয়ে হালদা নদী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরীয়া বলেন, শুধু দুই উপজেলার কিছু অংশে বাঁধ নির্মাণ ও বাঁধ মেরামত করে কার্যকর সুফল পাওয়া যাবে না। নদীর সব সমস্যা চিহ্নিত করে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা দরকার।
এ বিষয়ে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বলেন, ‘হালদার ভাঙনে আমাদের এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও ফসল তলিয়ে যায়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড কেবল রাউজান ও হাটহাজারী উপজেলার ভাঙন রোধে প্রকল্প গ্রহণ করেছে। ফটিকছড়িকে বাদ দেওয়া হয়েছে।’
ফটিকছড়ি অংশের ভাঙন প্রকল্পের আওতায় না থাকার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, ফটিকছড়ি অংশ নিয়ে আরেকটি সমীক্ষা চলছে। সমীক্ষা শেষে পৃথক একটি প্রকল্প গ্রহণ করা হবে। তখন ওখানকার বাঁধ নির্মাণ করা হবে।
এদিকে একনেকে পাস হওয়া প্রকল্পের আওতায় দুই উপজেলার ১২ দশমিক ১২ কিলোমিটার নদীর তীর সংরক্ষণের কাজ, ৬ কিলোমিটার বাঁধ নির্মাণ, ১৫ কিলোমিটার বাঁধ মেরামত, ৪ কিলোমিটার বিদ্যামান সড়ক কাম বাঁধ উঁচুকরণ এবং ৫৫০ মিটার ফ্লাডওয়াল নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই উপজেলার প্রায় ৫ হাজার ৭১০ কোটি টাকার সম্পদ নদীভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
প্রকল্পের যৌক্তিকতা ব্যাখ্যা করে একনেকের প্রতিবেদনে বলা হয়, হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও উঁচুকরণের মাধ্যমে প্রকল্প এলাকার ভাঙন রোধ করা যাবে। পাশাপাশি জোয়ারের পানি থেকে রক্ষা পাবে এলাকা। ২০১৫ সালে পানি উন্নয়ন বোর্ডের একটি কারিগরি কমিটির সুপারিশের আলোকে এই প্রকল্প গ্রহণ করা হয়। হাটহাজারীর ঘরদুয়ারা, ছিপাতলী, লাঙলমোড়া, মাদার্শা এবং রাউজানের সত্তারঘাট, গহিরাসহ বিভিন্ন এলাকায় এই প্রকল্পের কাজ চলবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, আগামী জুন-জুলাই মাস নাগাদ কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, এই প্রকল্পের কারণে জলোচ্ছ্বাস, জোয়ার ও পাহাড়ি ঢল থেকে ফসল ও ঘরবাড়ি রক্ষা পাবে। এর সুফল পাবে সাধারণ মানুষ।