রাউজান তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গতকাল সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়।পিডিবি সূত্র জানায়, বরখাস্ত হওয়া পাঁচজন হলেন রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মানিকলাল চক্রবর্তী, উপসহকারী প্রকৌশলী অনুপ কুমার দাস, মিজানুর রহমান, আবদুল খালেক ও প্লান্ট অপারেটর দানা মিয়া।রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী এ এন এম আসাদ উল্লাহ সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনিটটি কবে নাগাদ চালু হবে জানতে চাইলে তিনি বলেন, দুই নম্বর ইউনিট চালু করার জন্য প্রয়োজনীয় কাজ হয়েছে। কারণ, দেশে এ মুহূর্তে বিদ্যুতের প্রয়োজন।পিডিবি সূত্রে জানা যায়, দুই নম্বর ইউনিটটি বিকল হয়ে গেছে। আবার এক নম্বর ইউনিটের নিয়মিত মেরামতের কাজ (ওভারহোলিং) এখনো শেষ হয়নি। ফলে দুটি ইউনিট বর্তমানে বন্ধ আছে।আসাদ উল্লাহ প্রথম আলোকে বলেন, এক নম্বর ইউনিটের মেরামতের কাজ শেষ করতে কিছু সরঞ্জাম বিমানে করে ঢাকা থেকে আনা হচ্ছে। এ কাজ শেষ করেই যত দ্রুত সম্ভব সেটি চালুর উদ্যোগ নেওয়া হবে।শনিবার রাতে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুই নম্বর ইউনিটের বয়লার বিস্ফোরণের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর পিডিবির সদস্য (উৎপাদন) মোস্তফা কামালের নেতৃত্বে প্রকৌশলীরা বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। তবে গতকাল পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।