এক মাস আগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে অপহূত এক কিশোরের লাশ গতকাল বুধবার রাউজানের নোয়াপাড়া থেকে পুলিশ উদ্ধার করেছে। অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।অপহরণকারীরা ওই কিশোরকে হত্যার পর লাশ মাটিচাপা দেয়। পরে মাটির ওপর কংক্রিটের ঢালাই দেওয়া হয়।নিহত কিশোরের নাম মোহাম্মদ আজম (১৭)। তাঁর বাবার নাম বদিউল আলম। আজমের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের লোহারপুল এলাকায় বলে জানা গেছে।গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন: মোহাম্মদ বেলাল (২৭), রাজু দে (২৮) ও বিজয় ভট্টাচার্য (২৫)। তাঁরা নিজেদের আজমের বন্ধু বলে দাবি করেছেন। তবে আজমের বাবা বলেছেন, অপহরণকারীরা সন্ত্রাসী।আজমের বাবা বদিউল আলম প্রথম আলোকে বলেন, গত ১৩ আগস্ট রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে ঈদের কেনাকাটা করতে গিয়ে তাঁর ছেলে মোহাম্মদ আজম অপহূত হয়। এ ঘটনায় গত ১৯ আগস্ট রাঙ্গুনিয়া থানায় মামলা করা হয়। এরপর অপহরণকারীরা বিভিন্ন মুঠোফোন থেকে বিভিন্ন সময় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে আসছিল।আজমের পারিবারিক সূত্র জানায়, অপহরণকারীরা প্রথমে ২৫ লাখ এবং পরে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীদের দেওয়া ঠিকানা অনুসারে বদিউল আলম মুক্তিপণের টাকা নিয়ে নগরের হাজারীগলিতে যান। কিন্তু অপহরণকারীরা টাকা নিতে হাজারীগলিতে যায়নি।মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মামলার পর সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ বেলালকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম পাওয়া যায়। এরপর কাপ্তাই উপজেলার বাঙ্গালহালিয়া এলাকা থেকে রাজু দেকে গ্রেপ্তার করা হয়। রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার সকালে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নে জগন্নাথবাড়ির গোপাল ভট্টাচার্যের ছেলে বিজয় ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার তাঁর ঘরের মেঝে খুঁড়ে আজমের গলিত লাশ উদ্ধার করা হয়। আজমকে মাটিচাপা দেওয়ার পর মেঝেতে কংক্রিটের ঢালাই দেওয়া হয়।