রাউজান পৌরসভার মেয়র কার্যালয়ে যান না ১৬ মাস
রাউজান পৌরসভার মেয়র আবদুল্লাহ আল হাসান গত ১৬ মাস ধরে পৌর কার্যালয়ে যান না। তিনি পৌরসভার কাজ করেন নিজ বাড়িতে বসে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পৌর বিধি মেনে কর্মকাণ্ড পরিচালনা করছেন না। তার পরও বেতন-ভাতাসহ সব প্রাপ্য বুঝে নিচ্ছেন।গত বছরের ১৫ ফেব্রুয়ারি পৌর বিএনপির আহ্বায়ক আবদুল্লাহ আল হাসান পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে শপথ নেন। এর পর থেকে তিনি আর পৌর কার্যালয়ে যাননি। পৌরসভার বিধিতে নির্বাচিত মেয়রকে কাউন্সিলরদের নিয়ে প্রতি মাসে একটি সভা ও নতুন অর্থবছরে বাজেট প্রণয়নের কথা উল্লেখ আছে। প্রথম প্যানেল মেয়র বশির উদ্দিন খান অভিযোগ করেন, ‘মেয়র গত ৯ জুলাই পৌরসভা কার্যালয়ে বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে কাউন্সিলরদের চিঠি দিয়েছিলেন। কিন্তু তিনি ওই বৈঠকে আসেননি।’ তিনি আরও বলেন, মেয়র এ পর্যন্ত কাউন্সিলরদের নিয়ে কোনো সভা করেননি। নিয়ম রক্ষার তাগিদে কৌশলগত কারণে পৌরসভার প্রথম দুটি সভার রেজ্যুলেশনে মেয়রকে সভাপতি হিসেবে দেখানো হয়েছে। কাউন্সিলর আসাদ উল্লাহ অভিযোগ করেন, মেয়র পৌরসভা থেকে যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে যাচ্ছেন। অথচ তিনি কার্যালয়ে আসছেন না। মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন, ‘মেয়রের অনুপস্থিতিতে পৌরসভার কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।’ পৌরসভার হিসাবরক্ষক মোহামঞ্চদ সাকুর মিয়া জানান, মাসিক ভাতা ও গাড়ির জ্বালানি খরচ বাবদ গত ১৬ মাসে পৌর কোষাগার থেকে মেয়র প্রায় পাঁচ লাখ টাকা তুলেছেন। পৌরসভায় না যাওয়ার কারণ জানতে চাইলে মেয়র বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষরা নির্বাচনের আগে আমাকে ও আমার ছেলেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। আমার ছেলের বিরুদ্ধে সাজানো অস্ত্র মামলা দিয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পৌর কার্যালয়ে যাচ্ছি না। তবে বাড়িতে বসে নিজের দায়িত্ব পালন করছি। পৌরবাসীর সেবা দিতে সাধ্যমতো চেষ্টা করছি। দায়িত্ব পালন করেই আমার প্রাপ্য আমি নিচ্ছি, এতে কারও আপত্তি থাকার কথা নয়।’ তিনি দাবি করেন, তাঁর কারণে পৌরসভার কর্মকাণ্ডে স্থবিরতা সৃষ্টি হওয়ার অভিযোগ ঠিক নয়।