রাউজানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। তাঁরা হলেন আব্বাস ও বেলাল।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার গুজরা ইউনিয়নের বড় ঠাকুরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি একে ৪৭ রাইফেল ও একটি ম্যাগাজিন, ৫৮ রাউন্ড এমএম পিস্তলের গুলি, একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মফিজুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার করা আব্বাস ও বেলাল জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। থানায় তাঁদের বিরুদ্ধে আট থেকে ১০টি মামলা রয়েছে। তাঁরা মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করতেন। এ ছাড়া ভাড়ায় বিভিন্ন হত্যাকাণ্ডে অংশ নিতেন। এ ঘটনায় রাউজান থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।