রাউজানে আ.লীগ প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রার্থী মো. মোজাহিদ উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান ও কদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল শাহ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কদলপুরের বর্তমান চেয়ারম্যান এবং প্রার্থী মোজাহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘পৌর নির্বাচনে আমার চাচা মুসলিম উদ্দিন খান নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। সেই কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংসদের সমর্থনপুষ্ট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তসলিম উদ্দিন সন্ত্রাসী দিয়ে আমার সমর্থকদের বাড়িঘরে হামলা চালাচ্ছেন।’ তিনি বলেন, ২৩ এপ্রিল গণসংযোগকালে সন্ত্রাসীরা তাঁকে ভয়ভীতি দেখায়।
মোজাহিদ উদ্দিন চৌধুরী বলেন, তসলিম নিজেকে সাংসদের প্রার্থী বলে প্রকাশ্যে দাবি করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
রাউজানে ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কদলপুর, বিনাজুরি ও নোয়াপাড়ায় একাধিক প্রার্থী থাকায় ৭ মে ভোট গ্রহণ করা হবে।