আ.লীগের সাংসদের বিরুদ্ধে গিয়ে প্রার্থী
রাউজানে ইউপি চেয়ারম্যান প্রার্থীরা প্রচার চালাতে পারছেন না
চট্টগ্রামের রাউজানে ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১০টিতেই স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থিত প্রার্থী রয়েছেন। এসব ইউনিয়ন পরিষদে বিদ্রোহী আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এমনকি অনেক প্রার্থীকে এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ১৮ জুন রাউজানের ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।রাউজান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিন সপ্তাহ ধরে তিনি এলাকায় যেতে পারছেন না। এ ইউপিতে ফজলে করিমের সমর্থিত প্রার্থী শাহ আলম।দিদারুল দাবি করেন, ‘চট্টগ্রাম শহর থেকে মোবাইল ফোনে নির্বাচনী প্রচার চালাচ্ছি। আমি প্রার্থী হওয়ায় রাউজান উপজেলা সদরে আমার মালিকানাধীন জমজম মিষ্টিমহল গত ২৪ মে বন্ধ করে দেওয়া হয়। এমনকি আমার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় গহীরা শান্তির দ্বীপ সমবায় সমিতির সভাপতি মোজাম্মেল হক। এ অপরাধে ওই সমিতির কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।’ প্রার্থীদের অভিযোগ প্রসঙ্গে জানতে সাংসদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কেবল গতকাল মঙ্গলবার সকালে ফোন ধরেন। তিনি সংসদের বৈঠকে আছেন দাবি করে পরে ফোন করার পরামর্শ দেন। কিন্তু পরে আর ফোন ধরেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম খান প্রথম আলোকে বলেন, ‘অনেকে সাংসদের নাম ব্যবহার করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছেন। তাতে সাংসদের কী করার আছে। আমরা শুনছি কিছু কিছু এলাকায় সমস্যা হচ্ছে।’দলীয় সূত্র জানায়, ডাবুয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান আবদুর রহমানের ছেলে ফরহাদুল ইসলাম চৌধুরী গত জুলাই মাসে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হন। আবদুর রহমান অভিযোগ করেন, ‘এরপর থেকে সাংসদ আমার ওপর ক্ষুব্ধ। সাংসদের নির্দেশমতো আমার ছেলে ওই পদ না ছাড়ায় তিনি আমাকে হত্যার হুমকি দেন। ফলে প্রায় সাত মাস ধরে তিনি এলাকার বাইরে।’আবদুর রহমান এবারও চেয়ারম্যান পদপ্রার্থী। শনিবার তিনি এলাকার বাইরে থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলমগীরের ভাই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল লোক তাঁর পক্ষের প্রচার চালানো মাইক ভেঙে দেয় বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।কদলপুর ইউনিয়ন পরিষদে সাংসদের সমর্থনপুষ্ট চেয়ারম্যান পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম। দলে তাঁর কোনো পদ নেই। তবে তাঁর চাচা মোসলেম খান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সদস্য মুরাদুল আলম চৌধুরী, ইব্রাহিম হোসেন ও ফরিদ হোসেন। সাইফুল হক চৌধুরী ও আলম হুদা স্বতন্ত্র প্রার্থী।সাইফুল হক বলেন, ‘আওয়ামী লীগ নেতা মোসলেমের ভয়ে আমরা আলাদা প্রচার চালাতে পারছি না। তাই ছয়জন মিলে একসঙ্গে প্রচার চালাচ্ছি। মোসলেম বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন, নির্বাচনে যে-ই জিতুক, চেয়ারম্যান হিসেবে মুজাহিদের নামই ঘোষণা করা হবে।’ মোসলেম খান বলেন, অন্য প্রার্থীরা একসঙ্গে প্রচার চালাচ্ছেন দেখে লোকজন হাসাহাসি করছে। উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার চৌধুরী সাংসদের পছন্দের প্রার্থী নন। তাই দিনে এলাকায় যেতে পারছেন না। আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘সাংসদের লোকজনের ভয়ে তিনি রাতে প্রচারণা চালান। এখন আমাকে রাতেও বাধা দেওয়া হচ্ছে। দিনে সাংসদের লোকজন আমার বাড়ি পাহারা দেয়।’পশ্চিম গোজরায় সাংসদের প্রার্থী শাহাবউদ্দিন। এখানে আওয়ামী লীগের আরেক প্রার্থী ছিলেন নূরুল হক। তিনি অভিযোগ করেন, নিরাপত্তাহীনতার কারণে অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে প্রস্তাবক-সমর্থক নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর প্রস্তাবক-সমর্থক সঠিক নয় অজুহাত এনে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। চিকদাইরে সাংসদের পছন্দের প্রার্থী দিদারুল আলম। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন মোবারক উল্লাহ। তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে দিদারুল জোর করে তাঁর কাছ থেকে প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেন।একইভাবে সাংসদের পছন্দের প্রার্থীর বিরুদ্ধে নোয়াপাড়ায় প্রার্থী হওয়ায় এলাকায় ঠিকমতো থাকতে পারছেন না নূর আহমদ। তিনি দাবি করেন, তিনি ঝড়ের বেগে এলাকায় নির্বাচনী প্রচার চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন। বাগোয়ান ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থী আবুল বশর অভিযোগ করেন, স্থানীয় সাংসদের নাম ব্যবহার করে ভুপেষ বড়ুয়া ও তাঁর লোকজন তাঁকে এলাকায় যেতে দিচ্ছেন না।’