রাউজানে কঠোর নিরাপত্তায় সাকা চৌধুরীর দাফন
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকরের পর বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর দাফন কঠোর নিরাপত্তার মধ্যে নিজ গ্রাম চট্টগ্রামের রাউজানের গহিরার পারিবারিক কবরস্থানে হয়েছে।
গতকাল রোববার সকাল ৯টা ২০ মিনিটে সাকাদের পৈতৃক নিবাস বক্স এলাহী চৌধুরী বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা হয়। জানাজা পড়ান হেফাজতে ইসলাম বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। জানাজায় কয়েক শ মানুষ অংশ নেন। বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে মেজো ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে তাঁকে কবর দেওয়া হয়।
জানাজায় সাকার দুই ছেলে ফাইয়াজ কাদের, হুম্মাম কাদেরসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন। তবে সাকার ভাই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দেখা যায়নি।
শনিবার দিবাগত রাতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে থেকেই সাকার পৈতৃক নিবাস গহিরায় দাফনের প্রস্তুতি শুরু হয়। পুরো এলাকা ঘিরে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাত তিনটার পর আটজনের একটি দল পুলিশের উপস্থিতিতে কবর খোঁড়ার কাজ শুরু করে। সাকার পৈতৃক নিবাসের তত্ত্বাবধায়ক মো. কামাল বিষয়টি তদারক করেন। ভোর ছয়টার দিকে কবর খোঁড়ার কাজ শেষ হয়। এর আগে সাকার জন্য একটি কাঠের কফিনও তৈরি করা হয়।
সাকা চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর ও দাফনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার রাতেই রাউজানের বিভিন্ন স্থানে ১০ প্লাটুন পুলিশ ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। ছিল র্যা বের টহলও।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনের আগে গতকাল সকাল সাড়ে আটটার দিকে পুলিশের পাশাপাশি সাকার পৈতৃক নিবাসে এক প্লাটুন বিজিবি এবং পরে র্যা ব সদস্যরাও অবস্থান নেন। সকাল ৮টা ১০ মিনিটে একটি প্রাইভেট কারযোগে সস্ত্রীক বাড়িতে আসেন সাকার বড় ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী। এরপর সকাল পৌনে নয়টায় একে একে ছয়টি প্রাইভেট কার, মাইক্রোবাস ও জিপযোগে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরীসহ অন্য স্বজনেরা আসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সাকার মরদেহ গহিরার বাসভবনে আনা হয়। সাকার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বাসভবন বাইতুল বিলালের দিকে নেওয়ার জন্য হুম্মাম কাদের পুলিশকে অনুরোধ করেন। কিন্তু পুলিশ জানাজাস্থলে নিয়ে যায়। সেখানে গিয়ে হুম্মাম আবারও পুলিশকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাইতুল বিলালে নিয়ে গোসল করানোর প্রস্তাব দেন। এ সময় পুলিশের সঙ্গে হুম্মামের কিছুটা বাদানুবাদ হয়। পুলিশ জানায়, লাশের গোসল-কাফন কারাগার থেকেই সম্পন্ন হয়েছে। তাই সেখানে নেওয়ার আর দরকার নেই। পরে সাকার স্ত্রী ও পরিবারের নারী সদস্যরা অ্যাম্বুলেন্সে রাখা সাকার মরদেহ শেষবারের মতো দেখেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
পুলিশ জানায়, হুম্মাম সাকার জানাজা বাড়ির মসজিদের সামনে করার অনুরোধ জানান। পরে সেখানে মরদেহ নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল আটটার দিকে সাকার পরিবারের পক্ষ থেকে জানাজা বাড়ি থেকে কিছু দূরে গহিরার এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে করার প্রস্তাব দিয়েছিল।
জানাজা শেষে লাশটি মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টায় সাকা চৌধুরীর দাফন সম্পন্ন হয়। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহামন বলেন, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। দাফন নির্বিঘ্নে শেষ হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আস্তে আস্তে শিথিল করা হবে।
এদিকে সাকার মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর রাউজান উপজেলা আওয়ামী লীগ রাউজানে সাকার মরদেহ ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে গতকাল তাদের কোনো কর্মসূচি ছিল না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে মরদেহ দাফনে নিরাপত্তা দেবে। এ ছাড়া আমাদের এই কর্মসূচির মাধ্যমে তৃতীয় পক্ষ নাশকতা ঘটাতে পারে, তাই আমরা কর্মসূচি থেকে সরে আসি।’
চট্টগ্রামে গায়েবানা জানাজা: চট্টগ্রামের প্যারেড মাঠে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের গায়েবানা জানাজাকে ঘিরেও ছিল কঠোর নিরাপত্তার ব্যবস্থা। গতকাল বিকেলে অনুষ্ঠিত জানাজায় সাকা চৌধুরীর ছোট ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানসহ জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
গায়েবানা জানাজায় জামায়াতের মজলিশে শুরার সদস্য মমিনুল হক চৌধুরী অভিযোগ করেন, মিথ্যা অপবাদ দিয়ে মুজাহিদ ও সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। জানাজাকে ঘিরে গতকাল দুপুর থেকে নগরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত-শিবিরের কয়েক শ নেতা-কর্মী প্যারেড মাঠে জড়ো হন। বিকেল চারটা পাঁচ মিনিটে শুরু হয় গায়েবানা জানাজা। এ সময় প্যারেড মাঠের চারদিকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়।