রাউজানে কঠোর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সাকা চৌধুরীর রায় কার্যকর করাকে কেন্দ্র করে চট্টগ্রামের রাউজানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সাকার মামলার সাক্ষীদের বাড়িসহ গুরুত্বপূর্ণ স্থানে ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যা ব।
সাকা চৌধুরীর মামলার অন্যতম সাক্ষী প্রফুল্ল রঞ্জন সিংহের বাসভবন কুণ্ডেশ্বরীতে গত বৃহস্পতিবার থেকে পূজা চলছে। গতকাল শুক্রবার ছিল পূজার মূল আনুষ্ঠানিকতা।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আকতার প্রথম আলোকে বলেন, রাউজানে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কুণ্ডেশ্বরীতে পূজাকে ঘিরেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
কুণ্ডেশ্বরী ভবনের ভেতরে রয়েছে মন্দির। এ ছাড়া সেখানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের আয়ুর্বেদিক ও মিনারেল ওয়াটারের কারখানাও রয়েছে। নিরাপত্তার জন্য কুণ্ডেশ্বরীর ভবন ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা লাগানো রয়েছে।
কুণ্ডেশ্বরী ভবনের কাছেই জগৎমল্লপাড়া। মুক্তিযুদ্ধের সময় এই পাড়ার ৩৫ জনকে হত্যা করা হয়েছে। সাকার মামলার চারজন সাক্ষীর বাড়ি এই পাড়ায়। গত মঙ্গলবার থেকে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সাকা চৌধুরীর বাড়ি গহিরা, ঊনসত্তরপাড়া, সুলতানপুর, রাউজান সদরসহ বিভিন্ন স্থানে ২০০ পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ।
ওসি বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা কাজ করছেন। এ ছাড়া বিজিবি ও র্যা ব উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
জানতে চাইলে র্যা ব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া র্যা বের নিয়মিত টহল জোরদার করা রয়েছে। রায় কার্যকরের পরও র্যা বের নিয়মিত টহল থাকবে।
এদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ রাউজানে ঢুকতে না দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মুন্সিরগাঁটায় এক সমাবেশ থেকে আবারও এই ঘোষণা দেন দলের নেতারা। এর আগে বৃহস্পতিবারও আওয়ামী লীগের সমাবেশ থেকে একই ঘোষণা দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, মাস্টারদা সূর্য সেনের স্মৃতিবিজড়িত রাউজানে যুদ্ধাপরাধীদের লাশ ঢুকতে দেওয়া হবে না।
এ বিষয়ে এসপি এ কে এম হাফিজ আকতার বলেন, ‘পরিবার লাশ দাফন করতে চাইলে আমরা নিরাপত্তা দেব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বহন করা হলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী কুখ্যাত যুদ্ধাপরাধী এবং ’৭১-পরবর্তী সময়েও তিনি স্বাধীনতাবিরোধীদের সহযোগিতা করেছেন। মৃত্যুদণ্ড কার্যকরের পর তাঁর লাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রাউজানে নিতে চাইলে সবাইকে নিয়ে তা প্রতিহত করা হবে।