রাউজানে ঘুষ নেওয়ার অভিযোগে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আটক
ঘুষ গ্রহণের অভিযোগে চট্টগ্রামের রাউজানে পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী ছলিম উদ্দিনকে আটক করেছে র্যাব-৭ ও দুদকের একটি যৌথ দল। গতকাল বুধরাত রাতে তাঁকে আটক করা হয়। আটক ছলিম উদ্দিন সাভারের স্থায়ী বাসিন্দা।আটকের পর সলিম উদ্দিনকে চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়। রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র্যাব-৭-এর উপপরিচালক মেজর মোহাম্মদ রাকিবুল আমিন বলেন, ‘বেসরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাউজানে তাদের টাওয়ারে বিদ্যুতের সংযোগ দিতে ঘুষ দাবি করেন ছলিম উদ্দিন। দুদকের অনুমতি নিয়ে দুদকের কর্মকর্তাসহ আমরা সমিতির কার্যালয়ে যাই।’ঘটনার বর্ণনা দিয়ে মেজর রাকিবুল আমিন বলেন, রাত সাড়ে সাতটায় নির্ধারিত অফিস সময়ের পর ছলিম উদ্দিন রাউজান পৌরসভা এলাকায় সমিতির কার্যালয়ে অপেক্ষা করছিলেন। বাংলালিংকের কর্মকর্তারা ছলিম উদ্দিনকে টাকা দেওয়ার সময় ঘুষের ১০ হাজার টাকাসহ তাঁকে হাতেনাতে ধরা হয়।র্যাবের কর্মকর্তা রাকিবুল আমিন জানান, রাউজান এলাকায় বাংলালিংকের তিনটি টাওয়ারে বিদ্যুতের সংযোগ বাবদ ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা দাবি করেন ছলিম উদ্দিন। বাংলালিংকের স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান হামিদা ট্রেডার্সের কর্মকর্তা বকুল মিয়ার কাছে তিনি এই ঘুষ দাবি করেন। পরে ৩০ হাজার টাকায় রাজি হন ছলিম উদ্দিন। ইতিমধ্যে তাঁকে ২০ হাজার টাকা দেন কর্মকর্তারা।তবে আটক ছলিম উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি কোনো ঘুষ দাবি করেননি।