রাউজানে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজানের জলিলনগর এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বিশ্বজিৎ লালা (৫০) ও রতন দাশ (৫৩)। তাঁরা রাঙামাটি থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন।
নিহত দুজন নগরের আলকরণ এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ। বিশ্বজিতের গ্রামের বাড়ি বোয়ালখালী আর রতনের চন্দনাইশে। দুজনই ব্যবসা করতেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ বলেন, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের জলিলনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বিশ্বজিৎ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতাবস্থায় রতনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যান।