রাউজানে ধানখেত থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে মগদাই গ্রামের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।নিহত চালকের নাম জয়নাল আবেদিন (২৫)। তিনি রাউজান পৌর ৯ নম্বর ওয়ার্ড ঢালার মুখ এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে খুন করা হয়।পরিবারের সদস্যদের বরাত দিয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন জানান, বৃহস্পতিবার সকালে জয়নাল তাঁর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে অন্য দিনের মতো পৌর সদরে যান। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। শুক্রবার সকাল ১০টার দিকে মগদাই গ্রামের লোকজন ধানখেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। লাশের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।ওসি জানান, গাড়ি ছিনতাই করার জন্য জয়নালকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।