রাউজানে নিরুত্তাপ ভোটে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের একাধিক কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকেরা জোর করে ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেছেন। এ রকম বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকাল রোববার নিরুত্তাপ পরিবেশে রাউজান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এদিকে রাউজানের অনেক ভোটকেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট দেখা যায়নি।
এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোয় ভোটার উপস্থিতি ছিল কম। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, সহিংসতার শিকার হওয়ার আশঙ্কায় এই উপজেলায় সংখ্যালঘু ভোটারদের বেশির ভাগ কেন্দ্রে যাননি।
রাউজানের কমপক্ষে আটটি ভোটকেন্দ্র ঘুরে বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেনের কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি।
রাউজান কলেজ (দক্ষিণ) কেন্দ্র ও গহিরা এ জে ওয়াই এম এস হাইস্কুল কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের জোর করে ব্যালট পেপারে সিল মারতে দেখা যায়। সাংবাদিকদের দেখে তাঁরা দ্রুত সটকে পড়েন। এ সময় সিল মারা ব্যালট পেপারগুলো দ্রুত সরানোর চেষ্টা করেন নির্বাচনী কর্মকর্তারা। রাউজান কলেজ কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কামাল উদ্দিনের সামনে এ ঘটনা ঘটে। তবে রাউজান কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ফরমান উল্লাহর দাবি, নির্বাচন সুষ্ঠু হয়েছে। জাল ভোট বা জোর করে ব্যালটে সিল মারার অভিযোগ সঠিক নয়।
একই দাবি করেছেন গহিরা হাইস্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা চিন্ময়ী চৌধুরী।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সরকার সমর্থকেরা আমাদের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। এরপর তাঁরা নিজেদের পছন্দের প্রার্থীর প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করেছেন। রাউজানের ৬৫টি কেন্দ্রে জালিয়াতির ঘটনা ঘটেছে।’
একই ধরনের অভিযোগ করেছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মুসলিম উদ্দিন খানের ভাতিজা ও কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজাহেদ উদ্দিন। তিনি বলেন, ‘রাউজানের ৬৬ কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ কে এম এহছানুল হায়দারের লোকজন এই জালিয়াতির সঙ্গে জড়িত।’
এ কে এ এহছানুল হায়দার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সাদামনের মানুষ। ভোট চুরি বা ডাকাতিতে আমি বিশ্বাসী নই।’
সকালে রাউজানের উত্তর দেওয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ওই প্রার্থীর এজেন্ট আসেনি।’ একইভাবে রাউজানের নোয়াপাড়া উচ্চবিদ্যালয় ও শেখপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
শেখপাড়া কেন্দ্রে বিএনপির কিছু নেতা-কর্মীকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ কে এম এহছানুল হায়দারের পক্ষে প্রকাশ্যে কাজ করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর জেলা বিএনপির একজন নেতা বলেন, ‘রাউজানে বিএনপির লোকজন আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপি কোনো কেন্দ্রে এজেন্ট না দিয়ে আওয়ামী লীগকে ওয়াক ওভার দিয়েছে। তাই বিএনপি ও ছাত্রদলের কিছু নেতা-কর্মী মনের দুঃখে প্রকাশ্যে আওয়ামী লীগ প্রার্থীকে ভোট দিয়েছেন। এটা তাঁদের নীরব প্রতিবাদ।’
রাঙ্গুনিয়ার সাতটি কেন্দ্র ঘুরে সব কটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হতে দেখা গেছে।
সংখ্যালঘু-অধ্যুষিত দুটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রগুলো হলো, মজুমদারখীল উচ্চবিদ্যালয় ও শান্তিনিকেতন সুবল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।
শান্তিনিকেতন কেন্দ্রে এক হাজার ৮৪৬ ভোটের মধ্যে ৭০ শতাংশই সংখ্যালঘু। গতকাল বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত সেখানে ভোট পড়ে প্রায় ২০ শতাংশ।
মজুমদারখীল উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘ভোটের পর কোনো অঘটনের আশঙ্কায় সংখ্যালঘুরা কেন্দ্রে আসতে আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে মনে হচ্ছে। তাই সংখ্যালঘু ভোটারদের উপস্থিতি খুব হতাশাজনক।’
মজুমদারখীর কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ১৯৪ জন। এর মধ্যে প্রায় ৫৬ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের।