১৩ ইউপিতে আ.লীগ-সমর্থক চেয়ারম্যান প্রর্থী জয়ী
রাউজানে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা-ভাঙচুর
চট্টগ্রামের রাউজানের ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে রাতে ফলাফল ঘোষণার পর রাউজান সদরে আওয়ামী লীগ-সমর্থক পরাজিত প্রার্থী কয়েকটি বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন। নির্বাচনে ১৩টি ইউপিতে আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হন। জানা গেছে, রাউজান সদর ইউপিতে স্থানীয় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর প্রার্থী ছিলেন শাহ আলম। কিন্তু এতে জয়ী হন বিএনপি-সমর্থক প্রার্থী ফায়জুল ইসলাম চৌধুরী। রাতে ফলাফল ঘোষণার পরই শাহ আলমের উত্তেজিত সমর্থকেরা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় তাঁর ছেলে ওমর ফারুককে মারধর করা হয়।শাহ আলমের সমর্থকেরা অভিযোগ করেন, আবু জাফর তাঁদের বিপক্ষে কাজ করেন। তবে আবু জাফর দাবি করেন, তিনি শাহ আলমের পক্ষে কাজ করার পরও তাঁর ওপর হামলা চালানো হয় এবং তাঁর ছেলেকে মারধর করা হয়।এ ছাড়া নুরুছছফাসহ আরও চারজনের বাড়িতে হামলা চালান শাহ আলমের সমর্থেকরা। তবে শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না।’ এর পরই তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। খোঁজখবর নিয়ে দেখছি।’ রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উনুমং বলেন, ‘আমি ঘটনা শুনেছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ প্রশাসন সূত্রে জানা গেছে, রাউজানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল ২১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করেন। একই সঙ্গে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সারা দিন বিভিন্ন ইউনিয়নে টহল দেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনে বিভিন্ন কেন্দ্র পাহারা দিতে ৯৮২ জন পুলিশ ও ৩০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি দুজন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ও পাঁচজন সার্কেল সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন। র্যাবের তিনটি ও বিজিবির দুটি দল সার্বক্ষণিক টহলে ছিল। গতকাল সকাল থেকে উপজেলার ১৪টি ইউপির মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসনের তালিকাভুক্ত সাতটি ইউনিয়ন ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উরকিরচর ইউনিয়নের পূর্ব উরকিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার চৌধুরী সুষ্ঠু নির্বাচনের কথা স্বীকার করেন। জয়ী যাঁরা: আওয়ামী লীগ-সমর্থক ১৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী জিতেছেন। দুজন জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তাঁদের মধ্যে হলদিয়ায় শফিকুল ইসলাম, ডাবুয়ায় আবদুর রহমান চৌধুরী, চিকদাইরে কাজী দিদারুল আলম, গহিরায় নুরুল আবছার, বিনাজুরিতে সুকুমার বড়ুয়া, কদলপুরে মোজাহিদুল আলম চৌধুরী, পাহাড়তলীতে মোহাম্মদ ইব্রাহিম, পূর্ব গুজরায় আব্বাস উদ্দিন আহমেদ, পশ্চিম গুজরায় শাহাবুদ্দিন, উরকিরচরে মোহাম্মদ আনোয়ার চৌধুরী, নোয়াপাড়ায় দিদারুল আলম, বাগোয়ানে ভূপেষ বড়ুয়া ও নওয়াজিশপুরে সোহরাওয়ার্দী সিকদার। চিকদাইর ও পশ্চিম গুজরায় একক প্রার্থী হিসেবে তাঁরা জয়ী হন। অভিযোগ রয়েছে, চিকদাইর ও পশ্চিম গুজরায় সাংসদের মনোনীত প্রার্থীর বাইরে কাউকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।