রাউজানে বিএনপি সমর্থিত প্রার্থীর প্রচারণায় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নে বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন প্রচারণা চালাতে গিয়ে বাধা পেয়েছেন। গতকাল বুধবার দুপুরে আওয়ামী লীগ-সমর্থিত লোকজন তাঁকে বাধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, প্রাইভেটকারে চড়ে রাউজান বাগোয়ান ইউনিয়নের কুইয়েপাড়া এলাকায় প্রচারণা চালাতে যান আনোয়ার হোসেন। এ সময় তাঁর সঙ্গে আরও সাত-আটজন সঙ্গী ছিলেন। গাড়ি থেকে প্রচারণা চালানোর সময় স্থানীয় যুবকেরা তাঁকে চলে যেতে বলেন।
আনোয়ার হোসেনের দাবি, তাঁর ওপর গুলিবর্ষণ করা হয়েছে। সঙ্গীদের মুঠোফোন সেট ও টাকাও কেড়ে নিয়েছে সরকার সমর্থক সন্ত্রাসীরা। কোনো রকমে তিনি পালিয়ে আসেন। হামলাকারীরা মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার আরোহী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগোয়ান এলাকায় প্রচারণা চালাতে গেলে কিছু লোক আনোয়ার হোসেনকে এলাকা থেকে সরে যেতে বলেন। এ নিয়ে তর্কাতর্কি হয়। কিছুটা উত্তেজনারও সৃষ্টি হয় সেখানে। একপর্যায়ে তারা ওই এলাকা থেকে সরে যান। এর বাইরে আর কোনো হাঙ্গামা হয়নি।
জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাউজানে কী ঘটেছে তা নিশ্চিত হতে পারিনি। বড় ঘটনা ঘটলে অবশ্যই জানতাম।’