রাউজানে বেদখল সওজের জলাশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে রাউজান উপজেলার অংশে জলাশয় বেদখল হয়ে যাচ্ছে। রাউজানের জিয়াবাজার থেকে পাহাড়তলী পর্যন্ত সাত কিলোমিটারে এই জলাশয়ের মালিক সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। জলাশয় ভরাট করে প্রভাবশালী ব্যক্তিরা পাকা, আধা পাকা স্থাপনা নির্মাণ করে ভাড়ায় খাটাচ্ছেন। এ কারণে বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং জলাশয়ের পানি দিয়ে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা।সরেজমিনে দেখা যায়, রাউজান উপজেলার জিয়াবাজার থেকে পাহাড়তলী পর্যন্ত সাত কিলোমিটার সড়কপথের জলাশয়ের বেশির ভাগ অংশ অবৈধ দখলে চলে গেছে। সড়কপথের নোয়াপাড়া পথেরহাট, জিয়াবাজার, পাহাড়তলী চৌমুহনী, ব্রাহ্মণহাট, গশ্চি নয়াহাট এলাকায় খণ্ড খণ্ডভাবে ভরাট করে গড়ে তোলা হয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। উরকিরচর ইউনিয়নের বজ্জ্যাখালী এলাকায় সেচযন্ত্র দিয়ে পানি শুকিয়ে জলাশয়ের মাঝখানে ছোট আকারের পাকা কালভার্ট বসিয়ে খণ্ড খণ্ড করে ভরাট করা হচ্ছে। স্থানীয় লোকজনের অভিযোগ, দখলদারদের মধ্যে আছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদের ভাই হাজি নুরুল আলম, জনৈক সাহাবুদ্দিনের পক্ষে স্থানীয় যুবলীগের কর্মী দৌলত হোসেনসহ কয়েকজন। জানতে চাইলে যুবলীগের কর্মী দৌলত দাবি করেন, সওজ থেকে ছাত্রলীগের এক নেতা এখানে কালভার্ট করার অনুমতি নিয়েছেন। হাজি নুরুল আলম জানান, তাঁর জমিতে যাওয়ার পথে কালভার্ট বসিয়ে রাস্তা বানানো হচ্ছে। সড়ক বিভাগ থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে বলেন, বিষয়টি তাঁর ভাই ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ জানেন। নুর মোহাম্মদ বলেন, অনুমতি নেওয়া আছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার চৌধুরী বলেন, পানির স্বাভাবিক প্রবাহের পর্যাপ্ত জায়গা না রেখে জলাশয় ভরাট করা হলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। চাষাবাদ ব্যাহত হবে।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নোয়াপাড়া পথেরহাট, পাহাড়তলী চৌমুহনী বাজার, ব্রাহ্মণহাট এলাকায় এখন জলাশয়ের অস্তিত্ব নেই। আশির দশক থেকে এসব এলাকার জলাশয় ভরাট করে বিপণিবিতানসহ বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ শুরু হয়েছে।স্থানীয় কৃষিজীবীরা জানিয়েছেন, জলাশয়ের পানির ওপর ভর করে মৌসুমি বোরো চাষ করা যেত। এখন তা বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় চাষাবাদ কম হচ্ছে। সড়ক বিভাগের বিভাগীয় উপপ্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ‘কাজের চাপ এত বেশি যে কী পরিমাণ জলাশয় ভরাট করা হয়েছে, অথবা কী পরিমাণ অনুমতি দেওয়া হয়েছে, তা এখন বলা যাচ্ছে না।’ পরে তিনি মুঠোফোনে জানান, জলাশয় ভরাটকাজে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে লোক পাঠানো হয়েছে। তথ্য পাওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।