রাউজানে ব্যবসায়ীকে ডাকাত সাজানোর চেষ্টার অভিযোগ
রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় এক ব্যবসায়ীকে ডাকাত দাবি করে থানায় সোপর্দ করেছেন। গতকাল সকালে মোহাম্মদ সেলিম নামেও ওই ব্যবসায়ীকে থানায় নিয়ে গিয়ে বলেন, বুধবার রাতে তিনি একটি বাড়িতে ডাকাতি করেছেন। বাড়ির লোকজন তাঁকে চিনে ফেলেছেন। তবে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উনু মং প্রথম আলোকে বলেন, মনে হচ্ছে এটা ইউপি নির্বাচনসংশ্লিষ্ট বিষয়। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি। সেলিমকে আপাতত থানায় আটক রাখা হয়েছে। পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে কদলপুর ইউনিয়নের কমলারটিলা এলাকার দিদারুল আলমের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় সেলিমকে গতকাল সকালে মোসলেম খান ও তাঁর লোকজন আটক করে থানায় নিয়ে যান।দিদারুল আলম প্রথম আলোকে বলেন, ‘রাতে কয়েকজন মুখোশধারী ডাকাত আমার বাড়িতে ঢোকে। তারা ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। এ সময় আমি কাউকে চিনি নাই। কারও বিরুদ্ধে থানায় অভিযোগও দিইনি। আমি এ ব্যাপারে থানায়ও যাইনি।’ জানা গেছে, ১৮ জুন রাউজান উপজেলার কদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম খানের ভাতিজা মোজাহিদুল আলম জয়ী হন। নির্বাচনে মোহাম্মদ সেলিম অপর চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল হক চৌধুরীর পক্ষে কাজ করেন। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের সঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় সেলিমকে ডাকাত সাজিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।মোসলেম খান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘সেলিম বুধবার আমার ভাতিজার এক সমর্থকের বাড়িতে আরও কয়েকজনসহ ডাকাতি করে। এ সময় তাঁকে বাড়ির লোকজন চিনে ফেলে।’সেলিমের পক্ষে থানায় আসা একাধিক লোক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পুলিশ বলেছে, মোসলেম খান বললেই সেলিমকে ছেড়ে দেওয়া হবে। পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে সেলিমের বিরুদ্ধে ডাকাতি কিংবা এ ধরনের কোনো কর্মকাণ্ডের অভিযোগ নেই।