রাউজানে যুবলীগের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দক্ষিণ রাউজানে দুর্বৃত্তদের হামলায় নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের কর্মী খুন হয়েছেন। এ সময় আরেক কর্মী গুরুতর আহত হন।

গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে চৌধুরীহাটের চৌমুহনীতে সশস্ত্র দুর্বৃত্তরা এ হামলা চালায়।

নিহত যুবকের নাম মোবারক হোসেন (৩৫)। তিনি চট্টগ্রামে চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। কর্ণফুলী নদী থেকে ওঠানো বালুর ব্যবসা করতেন তিনি। আর আহত যুবকের নাম মোহাম্মদ সেকান্দর (৩৫)। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মোবারক, সেকান্দর ও ডালিম নামের তিন যুবক চৌধুরীহাট চৌমুহনীর একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। রাত পৌনে আটটার দিকে ছয়-সাতজন দুর্বৃত্ত এসে মোবারক ও সেকান্দরকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় মোবারককে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোবারক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

স্থানীয় সূত্র জানায়, কর্ণফুলী নদীর বালুর ব্যবসা নিয়ে মোবারকের সঙ্গে ডালিমের বিরোধ ছিল। ডালিমও যুবলীগের কর্মী বলে জানা গেছে। যদিও তাঁরা গতকাল একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনে ডালিমের ইন্ধন থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পরই ডালিম দ্রুত গা ঢাকা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।