রাউজানে যুবলীগের কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া চৌধুরীহাটে যুবলীগের কর্মী মোবারক হোসেন খুনের ঘটনায় গতকাল রোববার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল ময়নাতদন্ত শেষ হওয়ার পর বিকেলের দিকে রাউজানের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত শনিবার রাতে দুর্বৃত্তরা মোবারককে কুপিয়ে খুন করে। চৌধুরীহাটের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় তাঁর ওপর এই হামলা হয়। বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। নিহত মোবারক চট্টগ্রামের চাঞ্চল্যকর শ্রীকান্ত রক্ষিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পরে তিনি জামিনে বেরিয়ে এসে বালু ব্যবসা শুরু করেন। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মোবারক হত্যার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। তাঁর পরিবার থেকে মামলা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। মামলা হওয়ার পরই আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করব।’