রাউজানে সেই পুকুর ফের ভরাট হচ্ছে!
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি চৌমুহনী বাজার এলাকায় ৩০০ বছরের পুরোনো সেই পুকুর ভরাটের কাজ পুনরায় শুরু করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের নিষেধ উপেক্ষা করে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, কয়েক মাস আগে মধ্যপ্রাচ্য প্রবাসী সাবের তালুকদার ও মফিজ তালুকদার ওই পুকুরের এক একর ৩৪ শতক জমি ক্রয় করেন। তাঁদের ভাগনে রোকন উদ্দিন মে মাস থেকে পুকুরটি ভরাট করা শুরু করেন। এ নিয়ে ২৭ মে প্রথম আলোয় ‘রাউজানে ৩০০ বছরের পুরোনো পুকুর ভরাট’ শীর্ষক শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিনই চট্টগ্রামের জেলা প্রশাসক ইউএনওকে পুকুর ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু তারপরও রোকন উদ্দিন রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ চালিয়ে যান। এ জন্য ৩ জুন সওজের প্রকৌশলী জুলফিকার আলী রাউজানে এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু এর পরেও ভরাটের কাজ বন্ধ হয়নি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, মদুনাঘাট এলাকা থেকে ট্রাকযোগে হালদা নদীর বালু তুলে এনে পুকুরটি ভরাট করা হচ্ছে। উচ্চক্ষমতাসম্পন্ন মাটি কাটার যন্ত্র (এসকেবেটর) দিয়ে পুকুরে মাটি চাপা দেওয়া হচ্ছে। রোকন উদ্দিন পুকুর ভরাটের কাজ চালিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। সওজের চট্টগ্রাম কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ইউএনও অজয়চন্দ্র পাল বলেন, ‘রাতের আঁধারে পুকুর ভরাটের কাজ চালানোর বিষয়ে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’জেলা প্রশাসক ফরিদ উদ্দিন বলেন, পুকুর ভরাটের কাজ বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে।