রাউজানে সেনাবাহিনীর গাড়ি ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজানের চারাবটতল এলাকায় সেনাবাহিনীর গাড়িচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বাবু পালিত (৩৫) ও লালু দে (৬০)। বাবু রাউজানের সুলতানপুর গ্রামের সুজিত পালিতের ছেলে। লালু পূর্ব রাউজানের মনোরঞ্জন চেয়ারম্যানবাড়ীর বাসিন্দা। বাবু ঘটনাস্থলে এবং লালু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যান। আহত অপর দুজন একই উপজেলার বিনাজুরী গ্রামের অমল বড়ুয়া (৬০) ও অটোরিকশাচালক মোহাম্মদ আরাফাত (২২)। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সেনাসদস্যদের একটি গাড়িবহর রাঙামাটি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় বহরের একটি গাড়ির সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ওই অটোরিকশার সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেনাসদস্যরা হতাহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সহায়তার আশ্বাস দেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, উভয় পক্ষের সমঝোতায় মামলা না করার সিদ্ধান্ত হয়। তবে এ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।