রাউজানে সেপটিক ট্যাংক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের রাউজানে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে এক শ্রমিক মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ চৌধুরী পাড়ায়।
নিহত ওই নির্মাণশ্রমিকের নাম মো. রফিকুল ইসলাম (২৮)। তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের মো. বাচা মিয়া মেম্বারের বাড়ির মৃত আবদুস সাত্তারের পুত্র।
নিহত ব্যক্তির স্ত্রী শেলি আকতার ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, রফিকুল রোববার সকাল সাতটায় ঘর থেকে বের হয়ে তাঁদের একই ইউনিয়নের জান মোহাম্মদ চৌধুরী পাড়ার আবদুর রহিমের নতুন বাড়ির নির্মাণকাজে যান। বেলা ১১টার দিকে তিনি খবর পেয়ে এসে তাঁর মৃতদেহ দেখতে পান। তাঁর এক বছরের এক ছেলে সন্তান রয়েছে বলে জানান তিনি।
নির্মাণাধীন বাড়ির ঠিকাদার মোহাম্মদ জামাল বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে ঢুকে তিনি কাজ করছিলেন রফিকুল। আধা ঘণ্টা পরও তিনি বের হয়ে না আসায় ট্যাংকে নেমে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।
রাউজান পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহসিন রেজা প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে তিনি মারা গেছেন। নিহত ব্যক্তির স্ত্রী ও বোনের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।