রাউজানে ৩০০ বছরের পুরোনো পুকুর ভরাট
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৩০০ বছরের পুরোনো একটি পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমোদন না নিয়েই স্থানীয় দুই ব্যক্তি পুকুরটি বালু দিয়ে ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুকুরটি ভরাট হয়ে গেলে স্থানীয় একটি মসজিদের মুসল্লি ও বাজারের ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। একই কারণে এলাকার পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে।এলাকার প্রবীনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুকুরটি রাউজান উপজেলার পাহাড়তলি চৌমুহনী বাজার এলাকায়। এটি পাহাড়তলি চৌমুহনী জামে মসজিদ পুকুর নামে পরিচিত। এটি প্রায় ৩০০ বছরের পুরোনো। পুকুরটির মোট জমির পরিমাণ এক একর ৯৭ শতক। ১৯৫৬ সালে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক নির্মাণের সময় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পুকুরটির ৬৩ শতক জমি অধিগ্রহণ করে। এ সময় তারা পুকুরের পশ্চিম পাড়ে ছয় শতক জমিতে একটি রেস্ট হাউস নির্মাণ করে। ১৯৭০ সালে মুক্তার আহমদ পুকুরটির পূর্ব পাড়ে নিজের সাত শতক জমিতে পাহাড়তলি চৌমুহনী জামে মসজিদ নির্মাণ করেন। মসজিদের মুসল্লিরা এই পুকুরের পানি দিয়ে অজু করেন এবং বাজারের ব্যবসায়ীরা এর পানি নিয়ে নানা কাজে ব্যবহার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের প্রবাসী সাবের তালুকদার ও মফিজ তালুকদার স্থানীয় মোহাম্মদ আলীর কাছ থেকে ৬ মে পুকুরের এক একর ৩৪ শতক জমি কেনেন। সাবের ও মফিজ তালুকদারের বোনের ছেলে রোকন উদ্দিন পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে অনুমোদন না নিয়েই এখন পুকুরটি ভরাট করছেন। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রশাসন ও স্থানীয় লোকজনের দৃষ্টি এড়াতে কাপ্তাই সড়কে প্রায় ১০ হাত উঁচু বাঁশের বেড়া দিয়ে পুকুর ভরাট করা হচ্ছে। কাপ্তাই সড়কের মদুনাঘাট থেকে হালদা নদীর বালু তুলে এনে পুকুর ভরাট করা হচ্ছে। ইতিমধ্যে তাঁরা পুকুরের অর্ধেক ভরাট করে ফেলেছেন। রোকন উদ্দিন বলেন, ‘পুকুরের মালিকানা আমার মামাদের। পুকুরের সামনে সওজের জমি থাকলেও তা আমরা ভোগ করব। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের জন্য প্রয়োজনে পুকুরের পশ্চিম পাড়ে আরও একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে।’ পুকুর ভরাটের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে কি না তা জানতে চাইলে তিনি বলেন, ‘আইনের বিষয়টি আমার জানা নেই। ফলে অনুমোদনও নেওয়া হয়নি। পুকুর ভরাটের বিষয়টি অনুমোদনের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হবে।’ চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ২০০৫ সালে প্রণীত পরিবেশ অধিদপ্তরের আইনে পুকুর বা জলাশয় ভরাট করায় পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি তদারকির বিধান রয়েছে। নিজ জমিতে পুকুর থাকলেও তা ভরাট করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে। পাহাড়তলি চৌমুহনী এলাকায় পুকুর ভরাটের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। সওজের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, পুকুরটির ৬৩ শতক জমি সওজের। কিন্তু মালিকানার সুযোগ নিয়ে প্রভাবশলী ব্যক্তিরা পুরো পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছেন। পুকুরটি রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা অজয় চন্দ্র পাল বলেন, অনুমোদন ছাড়া পুকুর ভরাট করা বেআইনি। সওজের জমি উদ্ধারসহ পুকুর ভরাট বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।