রাউজানের পথেরহাটে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বাজার ও অটোরিকশা স্ট্যান্ডের কারণে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার নোয়াপাড়ার পথেরহাটে যানজটের সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, পথেরহাটের দুই পাশে প্রতিদিন এক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়, যা আট ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। এ সময় বাস বা অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে বসে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দুজন সদস্য থাকলেও তাঁরা নম্বরবিহীন অটোরিকশা থেকে চাঁদা নেওয়ায় ব্যস্ত থাকেন। রাঙ্গুনিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ বলেন, ‘গতকাল মঙ্গলবার সকাল আটটায় চট্টগ্রাম শহর থেকে আসার সময় নোয়াপাড়া পথেরহাটে যানজটে পড়ি। সেখান থেকে ছাড়া পেতে সময় লেগেছে চার ঘণ্টা।’উপজেলার পোমরা তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কালুশাহ জানান, নোয়াপাড়ার পথেরহাটে নিত্য যানজটের কারণে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিদিন বিদ্যালয়ে আসতে দেরি হয়। রোয়াজারহাটের ব্যবসায়ী নাসির উদ্দিন জানান, পথেরহাটে যানজটের কারণে সঠিক সময়ে পণ্য পরিবহন করা সম্ভব হয় না। এতে লোকসানের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। ট্রাফিক পুলিশ আবদুল ওহাব বলেন, সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকান, সড়কের ওপর অটোরিকশা স্ট্যান্ড ও বাজার বসার কারণে যানজটের সৃষ্টি হয়, যা নিরসন করতে প্রতিদিন হিমশিম খেতে হয়। চাঁদা নেওয়ার কথা ঠিক নয় বলে জানান তিনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া বলেন, পথেরহাটে সওজ বিভাগের জায়গায় গড়ে ওঠা দোকান ও মার্কেট উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু প্রভাবশালীদের কারণে উচ্ছেদ করা সম্ভব হয়নি। তবে হাট থেকে অটোরিকশা স্ট্যান্ড ও বাজার সরানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।