রাউজানের পৌর মেয়র অপসারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান পৌরসভার মেয়রকে দায়িত্বে অবহেলার অভিযোগে পদ থেকে অপসারণ করা হয়েছে। গতকাল সোমবার ওই পদে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে একজন প্যানেল মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছে। অপসারণ করা পৌর মেয়র হলেন আবদুল্লাহ আল হাসান। তিনি পৌর বিএনপির সভাপতি। গত রোববার তাঁকে অপসারণসংক্রান্ত প্রজ্ঞাপনটি রাউজান পৌরসভায় পৌঁছে। এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা কুলদীপ চাকমা প্রথম আলোকে বলেন, ‘পৌর মেয়রকে অপসারণ করা হয়েছে। ফলে মেয়রের পদটি শূন্য হয়েছে। পৌরসভার কাউন্সিলররা গত নভেম্বর মাসে মেয়রের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে অনাস্থা প্রস্তাব আনেন। জেলা প্রশাসন কার্যালয় থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু মেয়র জবাব দেননি। জেলা প্রশাসন কার্যালয়ের পক্ষ থেকে তদন্তে অভিযোগেরও প্রমাণ পাওয়া যায়।’এ বিষয়ে আবদুল্লাহ আল হাসান প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের হুমকির কারণে আমি দুই বছরে একবারও কার্যালয়ে যেতে পারিনি। এ নিয়ে পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। ৮ ফেব্রুয়ারিও আমার বাড়িতে হামলা হয়েছে। তবে দৈনন্দিন কার্যক্রম বাসায় বসে পরিচালনা করতাম।’ এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল হাসান বলেন, ‘আমি কারণ দর্শানোর জবাব দিয়েছি। এখন অস্বীকার করলে আমি কী করতে পারি? প্রজ্ঞাপন এখনো পাইনি। প্রজ্ঞাপন পেলে পরবর্তী ব্যবস্থা নেব।’ ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আবদুল্লাহ আল হাসান রাউজানের পৌর মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের দুই প্রার্থী।