রাউজানের প্রার্থীরা ভোটের দিনের সন্ত্রাস নিয়ে চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় উত্তর চট্টগ্রামের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ছিল রাউজান। ওই সময় সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণে ছিল এলাকাটি। এখন পরিস্থিতি পাল্টেছে। সাকা চৌধুরীদের আগের সেই দাপট এখন আর নেই। কিন্তু এখনো সন্ত্রাসমুক্ত হয়নি রাউজান। তাই এবার পৌরসভা নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন সব প্রার্থী। ফলে সুষ্ঠু নির্বাচন নাও হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। এ অবস্থায় শনিবার থেকে রাউজান পৌর এলাকায় সেনা মোতায়েন শুরু হয়েছে। সন্ত্রাসী হামলার কারণে গত ১৯ ডিসেম্বর উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে পারেননি রাউজান উপজেলা জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মাসুদ আজাদ ও বিএনপির প্রার্থী কাজী আবদুল্লাহ আল-হাসান। পরে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তাঁরা চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেন। নাম প্রকাশ না করার শর্তে অনেক কাউন্সিলর প্রার্থী অভিযোগ করেন, মনোনয়নপত্র জমা দিলেও পরে চাপ দিয়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘আগের দিন মেঘ ছিল বলে পরের দিনও থাকবে, এমন তো কথা নেই। সেনাবাহিনী মোতায়েন শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমশ উন্নত হচ্ছে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভায় আওয়ামী লীগ থেকে দুজন ও বিএনপির একজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ দুজনকেই সমর্থন দিয়েছে। এখানে ৯ জানুয়ারি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা নিয়ে আলোচনা হয়। পরদিনই উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী কাজী আবদুল্লাহ আল-হাসান। মামলা করা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমান প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন আবদুল্লাহ। তবে রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, ‘১০০ টাকার পাঞ্জাবি নিজে ছিঁড়ে সন্ত্রাসের অভিযোগ করলে আমাদের কিছু করার নেই। বিগত বিএনপি সরকারের সময় আমরা রাউজানে জাতীয় শোক দিবস পর্যন্ত পালন করতে পারিনি। সে হিসেবে বর্তমানে পরিস্থিতি অনেক ভালো।’উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মেয়র প্রার্থী দেবাশীষ পালিত বলেন, ‘আমি চার-পাঁচটি কেন্দ্রে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছি। এ কারণে নয় নম্বর ওয়ার্ডে ভোটার উপস্থিতিও কম থাকতে পারে।’ বিএনপি প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত। ওই হামলার পর বিএনপির প্রার্থী নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করেছেন।’ আওয়ামী লীগের আরেক প্রার্থী বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরীও সন্ত্রাসের আশঙ্কা করেন। তিনি বলেন, ‘শুনেছি নির্বাচনের সময় বিশেষ সন্ত্রাসী বাহিনী নামবে। তবে বিএনপির প্রার্থীর ওপর হামলা নির্বাচন-সংশ্লিষ্ট নয়।’ দুই দলের তিন প্রার্থীই সেনা মোতায়েনকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, সেনাবাহিনী, বিডিআর ও র্যাব মোতায়েন থাকলে ভোটারদের আত্মবিশ্বাস বাড়বে। তাঁরা ভোট দিতে উৎসাহিত হবেন। জানা গেছে, ১৯৯৯ সালে রাউজান পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়ী হন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত। ২০০৪ সালের নির্বাচনে নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী ওরফে বেবী চৌধুরী। গত নির্বাচনে বিএনপির প্রার্থীর অবস্থান ছিল তৃতীয়। এবার এই তিনজন ছাড়াও আরেকজন প্রার্থী রয়েছেন। তাঁর নাম মোহাম্মদ মুছা। এ ছাড়া আট ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী ৩৩ জন। নয় নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জমিরউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। প্রায় ৪০ হাজার ভোটার তাঁদের জয়-পরাজয় নির্ধারণ করবেন।