রাউজানের সেই পুকুর ভরাটের কাজ ফের বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ৩০০ বছরের পুরোনো সেই পুকুরটি ভরাট করার কাজ পুনরায় বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ কাজ বন্ধ করে দেন। ব্যবসায়ীরা জানান, রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের সাবের তালুকদার ও মফিজ তালুকদার পাহাড়তলী চৌমুহনী বাজারের ওই পুকুরের এক একর ৯৭ শতক জমির মধ্যে এক একর ৩৪ শতক কিনে নেন। জমির মালিকদের ভাগ্নে রোকন উদ্দিন পুকুরটি অবৈধভাবে ভরাট শুরু করেন। এ নিয়ে গত ২৭ মে প্রথম আলোতে ‘রাউজানে ৩০০ বছরের পুরোনো পুকুর ভরাট’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই চট্টগ্রাম জেলা প্রশাসক তাত্ক্ষণিকভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু কাজ বন্ধ না হওয়ায় গত বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক দল সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন।