রাউধাকে নিয়ে অস্ট্রেলীয় চ্যানেলে প্রামাণ্যচিত্র

রাজশাহীতে মালদ্বীপের মডেল রাউধা আথিফের মৃত্যুর ছয় মাস পর তাঁকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করছে অস্ট্রেলীয় টেলিভিশন ‘চ্যানেল নাইন’। আজ সোমবার চ্যানেলের একটি দল রাউধার শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের বিভিন্নজনের সঙ্গে কথা বলে।
দলটির সদস্য স্টুয়ার্ড প্রথম আলোকে বলেন, তাঁরা চ্যানেল নাইনের নিয়মিত অনুষ্ঠান ‘৬০ মিনিট’-এর জন্য একটি প্রামাণ্যচিত্র নির্মাণে রাজশাহীতে এসেছেন। এই দলে আছেন লরা স্পার্ক, পিটার, মার্ক মাইকল ও স্টুয়ার্ড। আজ তাঁরা রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, রাউধার বাবা এবং রাউধা হত্যা মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন।
গত ২৯ মার্চ দুপুরে ওই কলেজের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়। ৩১ মার্চ মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে রাউধা আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করা হয়। রাউধার মৃত্যুর ১২ দিন পর গত ১০ এপ্রিল তাঁর সহপাঠী সিরাত পারভিনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন রাউধার বাবা মোহাম্মদ আথিফ।
রাজশাহীর আদালতে করা মামলাটি আমলে নিয়ে পুলিশকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন আদালতের বিচারক। সে অনুযায়ী হত্যা মামলা রেকর্ড করে পুলিশ। এরপর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। ২৪ এপ্রিল রাউধার দ্বিতীয় ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর প্রতিবেদনেও মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি। লাশটি পচে যাওয়ার কারণে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানান চিকিৎসকেরা।
মামলার তদন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেছেন রাউধার বাবা মোহাম্মদ আথিফ। প্রথম আলোকে তিনি বলেন, মামলার তদন্ত যেভাবে হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। তিনি বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, রাউধাকে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার ন্যায়বিচার চাই। রাউধার মামলার বিষয়টি নিয়মিত আদালতে দেখভাল করতে হচ্ছে। তাই আমি বাংলাদেশে অবস্থান করছি।’
মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আসমাউল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো নির্দিষ্ট একটি বিষয়কে ঘিরে নয়, বড় ক্যানভাসে সব বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে তদন্ত করছি। আমরা তদন্তের শেষের দিকে চলে এসেছি। দু-তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।’