রাউধার 'আত্মহত্যা' কেউ মানতে পারছেন না
ডাক্তারি পড়তে মালদ্বীপ থেকে আসা রাউধা আথিফের মৃত্যুকে অস্বাভাবিক বলছেন তাঁর সহপাঠী ও শিক্ষকেরা। তিনি ‘আত্মহত্যা’ করেছেন—এটি পরিচিত কেউ মেনে নিতে পারছেন না। তবে পুলিশ গতকাল পর্যন্ত বিষয়টিকে আত্মহত্যাই মনে করছিল। এদিকে রাউধার লাশ নিতে তাঁর পরিবারের লোকজন গতকাল বৃহস্পতিবার মালদ্বীপ থেকে রাজশাহী এসে পৌঁছেছেন।
গত বুধবার সকালে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে বিদেশি শিক্ষার্থীদের কক্ষ থেকে রাউধা আথিফের লাশ উদ্ধার করা হয়। এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধা পড়াশোনার পাশাপাশি উদীয়মান মডেল হিসেবে পরিচিত।
রাজশাহী নগরে বসবাসরত যুক্তরাষ্ট্রের পিয়ানো বাদক জন থর্পের কাছে রাউধা ও স্থানীয় মাহমুদুল হাসান একসঙ্গে পিয়ানো শিখতেন। মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘সে সব সময় খুব উৎফুল্ল থাকত। সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ এই খবর শুনে আমি হতবাক। তাঁকে দেখে মনে হতো না সে কখনো এমন কাজ করতে পারে।’
শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে জন থর্প বলেন, ‘ভদ্র, নম্র ও মিষ্টি একটা মেয়ে ছিল।...ও এ ধরনের কিছু করতে পারে, এমন কোনো ইঙ্গিতই পাইনি।’
মহিলা হোস্টেলের সুপার মাহমুদা বেগমও বলেন, ‘রাউধা সব সময় হাসিখুশি থাকত। সে হঠাৎ করে এভাবে আত্মহত্যা করতে পারে, এটা বিশ্বাস করা কঠিন।’
এদিকে কলেজের একাডেমিক কর্মকর্তা কামরুজ্জামান মাসুদ বলেন, গতকাল দুপুরে কলেজে এসে পৌঁছান রাউধার মা আমিনাথ মুহাররিমাথ। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত আয়শাদ শান শাকির। রাউধার বাবা মোহাম্মদ আথিফেরও গতকাল রাতেই রাজশাহীতে এসে পৌঁছানোর কথা ছিল।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বুধবার রাতে কলেজ কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। তিনি বলেন, ‘সহপাঠীদের সঙ্গে কথা বলে যত দূর জানা গেছে, সে সব সময় একা একাই থাকত। পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তিত ছিল। কিন্তু এর বেশি কিছু কেউ বলতে পারছেন না।’
নগর পুলিশের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘পরিবারের সবাই রাজশাহী আসার পর ময়নাতদন্ত ও লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত আমরা মনে করছি এটা আত্মহত্যা।’