রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ২৪ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা উপাচার্যকে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানান।
দাবিগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার হওয়া ছাত্রলীগের চার নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও রয়েছে। স্মারকলিপিতে উল্লেখিত অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামে আবাসিক হল নির্মাণ, বুদ্ধিজীবী স্মৃতিফলক সংস্কার, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতিফলক নির্মাণ, সব বিভাগ ও হলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো, শিবিরের হামলায় নিহত ছাত্রলীগের কর্মী ফারুকের নামে স্মৃতিফলক নির্মাণ, যৌন নিপীড়ন নিরোধ সেল শক্তিশালী করা, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো, রাস্তা সংস্কার, চিকিৎসাকেন্দ্রে সেবার মান বাড়ানো, বৃক্ষরোপণ, নালাব্যবস্থা সংস্কার, গ্রন্থাগার শীতাতপনিয়ন্ত্রিত করা, হলের ডাইনিং-ক্যানটিনে খাবারের মান বাড়ানো, ক্যাম্পাসজুড়ে ওয়াই-ফাই চালু, সান্ধ্য আইন বাতিল, নিরাপত্তা নিশ্চিত করা, দশম সমাবর্তন আয়োজন এবং ক্যাম্পাসে আইটি পার্ক স্থাপন।
উপাচার্য মো. আবদুস সোবহান বলেন, প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে যৌক্তিক দাবিগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।