রাকসু সচলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

নির্বাচনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সচলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘শিক্ষার্থী আন্দোলন মঞ্চে’র ব্যানারে তাঁরা এ কর্মসূচি পালন করেন। আগামী সোমবার পর্যন্ত এ কর্মসূচি চলবে।
গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে রাকসু সচলের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং ধারাবাহিক কর্মসূচি আয়োজনের শপথ নেন তাঁরা।
গণস্বাক্ষর কর্মসূচিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবদুল মজিদ বলেন, ‘দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি। যেকোনো পরিস্থিতি মেনে নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব কুমার বলেন, ‘দাবি আদায়ের জন্য গণস্বাক্ষর শেষে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর স্মারকলিপি দেব। তাঁর সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে।’
শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচন না হওয়ায় দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে শিক্ষার্থীদের দাবি আদায়ের পথও বন্ধ হয়ে আছে। সংগঠনটির কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা না থাকায় এখন রাকসু নির্বাচনের উপযুক্ত সময় বলে মনে করছেন তাঁরা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শরীফ, নাট্যকলা বিভাগের মোরশেদ শাহরিয়ার, আরবি বিভাগের জোবায়ের হোসেন জোহা প্রমুখ। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট একাত্মতা প্রকাশ করে।