রাকাবে দরপত্র জালিয়াতির চেষ্টা, কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রায় ৬০ লাখ টাকার দরপত্র জালিয়াতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ব্যাংকের এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার নাম তৌফিক এলাহী।
রাকাব সূত্রে জানা গেছে, ব্যাংকের ৬০টি ভল্টের দরজা (চাপডোর) লাগানোর জন্য গত মে মাসের শুরুর দিকে একটি দরপত্র আহ্বান করা হয়। এতে প্রতিটি দরজার ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯৮ হাজার টাকা। ২৬ মে দরপত্র জমা দেওয়ার তারিখ ছিল। ওই দিন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম আট-দশজন লোক নিয়ে দরপত্র নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তাঁদের উদ্দেশ্য ছিল, শুধু নিজেদের দরপত্র জমা দেওয়া। কিন্তু তাঁরা সকালে এসে দরপত্রের বাক্স নিয়ন্ত্রণে নেওয়ার আগেই তিনটি দরপত্র পড়ে যায়। কারা তিনটি দরপত্র জমা দিয়েছেন, সেই ব্যক্তিদের ধরার জন্য তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন।
দরপত্র তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন ব্যাংকের সিনিয় প্রিন্সিপাল অফিসার সুরেশ চন্দ্র রায়। অভিযোগ রয়েছে, তৌফিক এলাহী ক্ষুব্ধ বহিরাগত ব্যক্তিদের সুরেশ চন্দ্র রায়কে ধরতে বলেন। বাহিরাগত ব্যক্তিরা সুরেশ রায় চন্দ্রের কক্ষে ঢুকে তাঁকে চড়-থাপ্পড় দিয়ে চেয়ার থেকে ফেলে দেয়।
ঘটনার দিনই সুরেশ চন্দ্র রায় নগরের শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এদিকে ঘটনাটি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি জুন মাসের প্রথম সপ্তাহে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে তৌফিক এলাহীর জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ২৯ জুন তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করেন মহাব্যবস্থাপক (প্রশাসন) নিশীথ কুমার সাহা । ৩০ জুন তৌফিকের রখাস্তের আদেশ কার্যকর হয়েছে।
জানতে চাইলে মহাব্যবস্থাপক (প্রশাসন) বলেন, তদন্তে তৌফিক এলাহীর বিরুদ্ধে বহিরাগত লোক দিয়ে ব্যাংকের কর্মকর্তাকে মারধর করার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন ব্যাংকের বোর্ডে গেছে। সেখানেই তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের মামলা হবে। মামলার অভিযোগ অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিকেলে কথা বলার চেষ্টা করেও তৌফিক এলাহীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তিনি ফোন করে প্রথম আলোকে বলেন, তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। যে কাউন্সিলর এ ঘটনা ঘটিয়েছেন, তাঁকে তিনি চেনেন না। সেই ব্যক্তির সঙ্গে রাজনৈতিক আদর্শের মিলও নেই। ঘটনাটি শুনে তিনি শুধু উপমহাব্যবস্থাপক এমদাদ এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুরেশ চন্দ্র রায়ের কাছে জানতে চেয়েছিলেন—কী হয়েছে। এর বেশি তিনি কিছু জানেন না।