রাকাবের তিন কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রায় কার্যকর হওয়ার পর মিষ্টি বিতরণ নিয়ে তিরস্কার ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই তিন কর্মকর্তা হলেন রাকাবের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো. আবদুর রহিম, একই কার্যালয়ের মুখ্য কর্মকর্তা বেগম আফজালুন নাহার ও কেন্দ্রীয় হিসাব বিভাগের কর্মকর্তা বেগম কাওসার জাহান। আবদুর রহিমকে চাঁপাইনবাবগঞ্জ, বেগম আফজালুন নাহারকে পুঠিয়া ও বেগম কাওসার জাহানকে রাকাব খড়খড়ি শাখায় তাৎক্ষণিক বদলি করা হয়। রাকাব সূত্র জানায়, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ার পর রাকাবের রাজশাহী প্রধান কার্যালয়ে মিষ্টি বিতরণকালে কাওসার জাহান এ ব্যাপারে তিরস্কার করে বলেন, ‘এ জন্য আবার মিষ্টি! হাসিনা ও রেহানাকে বাঁচিয়ে রেখেই তো ভুল করেছে। ওদের নির্বংশ করা উচিত ছিল।’ শাস্তিপ্রাপ্ত অপর দুই কর্মকর্তা তাঁকে সমর্থন করেন। এতে রাকাবের উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষুব্ধ হন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।রাকাবের উপমহাব্যবস্থাপক মেসবাহ্ উদ্দিন বলেন, তাঁদের প্রতিক্রিয়া আওয়ামী লীগের নেতাদের ভালো লাগেনি। খবর পেয়ে দলের শীর্ষ পর্যায়ের নেতারা তাঁদের তাৎক্ষণিক বদলির জন্য ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বলেন। তাঁর নির্দেশে তিনি এই বদলির আদেশ দেন।