রাকিব ও রাজন হত্যা মামলার রায় আজ

সিলেট ও খুলনার দুই শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) ও রাকিব (১২) হত্যা মামলার রায় আজ। যথাক্রমে ১৪ ও ১০ কার্যদিবসে বিচার-প্রক্রিয়া শেষ করে আলোচিত এই দুটি মামলার রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছেন উভয় মহানগরের দায়রা জজ আদালত।
সিলেটের সরকারি কৌঁসুলি (পিপি) মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, রাজন হত্যা মামলার কার্যক্রম শুরু হবে বেলা সাড়ে ১১টার দিকে। তার আগে আসামিদের কারাগার থেকে আদালতে নেওয়া হবে।
গত ৮ জুলাই চুরির অপবাদে সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডসংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয় সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজি বিক্রেতা রাজনকে। লাশ গুম করার সময় ধরা পড়েন একজন। পরে পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা করে। ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করেন নির্যাতনকারীরা। ১২ জুলাই এই ভিডিও চিত্র নিয়ে প্রথম আলোয় ‘নির্মম পৈশাচিক!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
ঘটনার পরপরই পালিয়ে সৌদি আরব চলে গিয়েছিলেন মামলার প্রধান আসামি কামরুল ইসলাম। ইন্টারপোলের মাধ্যমে গত ১৫ অক্টোবর তাঁকে ফিরিয়ে আনা হয়। তাঁর উপস্থিতিতে মামলার গুরুত্বপূর্ণ ১১ সাক্ষীর পুনরায় সাক্ষ্য গ্রহণের পর একটানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন।
রাকিব হত্যা মামলা: খুলনার শিশু রাকিব হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত রোববার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রায় ঘোষণার তারিখ ধার্য করেন। আদালতের মোট ১০ কার্যদিবসে বিচার-প্রক্রিয়া শেষ হয়। মামলা হওয়ার ৯৬ দিন পর এই রায় ঘোষণা করা হচ্ছে। মামলার তিন আসামিই বর্তমানে কারাবন্দী।
রাকিবের বাবা মো. নুরুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, তিনি খুনিদের সর্বোচ্চ শাস্তি চান।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আশা করছি আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হবে।’
গত ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে রাকিবকে হত্যা করা হয়।