রাকিব হত্যা মামলায় অভিযোগপত্র
খুলনায় শিশু রাকিব হত্যা মামলায় আজ মঙ্গলবার তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
খুলনার মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী মোশতাক আহম্মদ। এতে মো. শরিফ, মিন্টু খান ও বিউটি বেগমকে অভিযুক্ত করা হয়। মামলায় সাক্ষী করা হয়েছে ৪০ জনকে।
গ্যারেজ কর্মী শিশু রাকিবকে (১২) বীভৎস কায়দায় নির্যাতন চালিয়ে ৩ আগস্ট রাতে হত্যা করা হয়। খুলনার টুটপাড়া কবরখানার উত্তর-পূর্ব কোণে শরিফ মোটরস নামের এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতনের ওই ঘটনা ঘটে। চাকায় হাওয়া দেওয়ার কাজে ব্যবহৃত কমপ্রেসর মেশিনের মাধ্যমে রাকিবের মলদ্বার দিয়ে তার শরীরে বাতাস ঢোকায় গ্যারেজ মালিক ও তাঁর সহযোগী। এতে রাকিব গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। এ ঘটনায় গ্যারেজ মালিক শরিফ, তাঁর মা বিউটি ও সহযোগী মিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শরিফ ও মিন্টুকে ধরে পিটুনি দেয় জনতা।
গ্রেপ্তার হওয়া তিনজনই পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ৮ জুলাই চুরির অপবাদ দিয়ে সিলেটে শিশু সামিউলকে পিটিয়ে হত্যার মাস না পেরুতেই শিশু রাকিব হত্যার ঘটনা ঘটে।
আরও পড়ুন: