রাকিব হত্যার বিচার চেয়ে দফায় দফায় মানববন্ধন
খুলনায় শিশু রাকিবের শরীরে কমপ্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে পৈশাচিকভাবে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দফায় দফায় মানববন্ধন করেছে কয়েকটি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে এসব মানববন্ধনের আয়োজন করা হয়।
জাতীয় মানবাধিকার সংস্থা ও জাতীয়তাবাদী মহিলা দল বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে সকাল সাড়ে ১০টায় আহছানিয়া মিশন, খুলনা শাখা ও সাতক্ষীরা জন কল্যাণ সমিতি একই স্থানে মানববন্ধন করে। এদিকে বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম।
এ ছাড়া দুপুর ১২টায় টুটপাড়ার সেন্ট্রাল রোডে এফপিএবি খুলনা শাখার কমিউনিটি অ্যাকশন ফর চাইল্ড প্রোটেকশন ফ্রম ভায়োলেন্স প্রকল্প, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) খুলনা শাখা, টুটপাড়া এলাকাবাসী ও রাকিবের পরিবারবর্গ, সুলতানা হামিদ মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা মানববন্ধন করেছে।
এসব মানববন্ধন থেকে রাকিব হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতনের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে শিশু নির্যাতন বন্ধ করে শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার আহ্বান জানানো হয়।