রাক্ষুসে নদ গিলছে বসতভিটা, জমি
‘হামাক নদীর হাত থাকি বাঁচাও, বাবা। নদী বাড়ির উঠানোত আসি ঠেকছে। আজ এ ঘড়বাড়ি সরা নাগবে (সরাতে হবে)। সউগ শ্যাষ হয়া গেইল গো।’ কথাগুলো বলতে বলতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও কুড়িগ্রাম জেলা প্রশাসকের সামনে কান্নায় ভেঙে পড়েন পাইকেরছড়া গ্রামের হাছেন-হোসেন দুই ভাই।ওই দুই ভাইয়ের মতো আরও অসংখ্য পরিবার ভাঙনের মুখে অসহায় হয়ে পড়েছে। দুধকুমোর নদের ভাঙন আগ্রাসী রূপ নেওয়ায় মানুষ ভিটেবাড়ি সরিয়ে নেওয়ার সময়ও পাচ্ছে না। দিন-রাত নদের পার ভেঙে মাটির বিশাল বিশাল চাঁই পানিতে পড়ে বিকট আওয়াজ হচ্ছে। আর এলাকার মানুষ ভয়ে কেঁপে উঠছে। নদীর পারের সহিদুল ইসলাম বলেন, ‘কাচার (পার) পানিত পড়ি এমন শব্দ করে রাইতোত ঘুম আইসে না। ভয় নাগে।’ অসহায় মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে চোখের সামনে তাদের ফসলি জমি, বাপ-দাদার ভিটা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিছুই করার নেই। উল্টো তারা অভিযোগ করে, সংশ্লিষ্ট বিভাগ এবং জনপ্রতিনিধিদের বলার পরও তাঁরা দেখতে আসেননি বা কোনো ব্যবস্থা নেননি। ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে পূর্বে ভাঙন এলাকার দূরত্ব ১০ কিলোমিটার। সরেজমিনে গত বৃহস্পতিবার ভাঙনকবলিত এলাকায় দেখা যায়, দুধকুমোর নদ ভারত থেকে প্রবাহিত হয়ে এই উপজেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভূরুঙ্গামারী পাইকেরছড়া এলাকায় ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ওই এলাকায় প্রায় দুই কিলোমিটারজুড়ে ভাঙন চলছে। নদী থেকে সোনাহাট সেতু ও পাকা রাস্তার দূরত্ব মাত্র ১০ হাত। রাস্তাটি ভেঙে গেলে ইউনিয়ন পরিষদ, স্বাস্থ্যকেন্দ্র, তিন ইউনিয়নের পাঁচটি গ্রাম এবং সোনাহাট সেতুটি ভেঙে যাবে। নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘প্রয়োজনীয় তহবিল না থাকায় ভাঙন রোধে ব্যবস্থা নিতে পারছি না। তহবিল চেয়ে ঊর্ধ্বতন মহলে লিখিতভাবে জানিয়েছি। এখনো বরাদ্দ পাইনি।’ কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করব।’