রাখঢাক না করেই মনোনয়ন-বাণিজ্য হচ্ছে: সুজন
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো রকম রাখঢাক না করেই মনোনয়ন–বাণিজ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের হালচাল ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম বলেন, এই নির্বাচনে কতগুলো ঘটনা ঘটেছে, যা অতীতে কখনো ঘটেনি। যেমন মনোনয়ন–বাণিজ্য। এটি হচ্ছে তিন ধাপে। মনোনয়ন পাইয়ে দেওয়া, নির্বাচনে জিতিয়ে দেওয়া ও গেজেট প্রকাশ করা। এসব অনিয়ম কোনো রকম রাখঢাক না রেখেই হচ্ছে।
বদিউল আলম বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ না হলে আমরা অশান্তির দিকে যাব। যে সমাজে ক্ষমতার বদল শান্তিপূর্ণ হয় না, সে সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত। সুষ্ঠু নির্বাচন যেন নির্বাচন কমিশন চাইছে না। এই নির্বাচন কমিশন এটা প্রমাণে সক্ষম হয়েছে যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও। এখন সরে দাঁড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে না পারলে তাদেরই সরে দাঁড়ানো উচিত।’