রাখাইন পল্লিতে ‘নাপ্পি’ তৈরির ধুম
কক্সবাজারের সমুদ্র উপকূলের বিভিন্ন রাখাইন পল্লিতে ‘নাপ্পি’ তৈরির ধুম পড়েছে। সাগর থেকে জেলেদের ধরে আনা ‘মিম ইছা’ (ছোট আকৃতির চিংড়ি) রোদে শুকিয়ে বিশেষ কায়দায় তৈরি হয় এই নাপ্পি। নাপ্পি রাখাইন ও আদিবাসীদের প্রিয় খাদ্য। জেলার চৌফলদণ্ডি, খুরুশকুল, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলে অন্তত ১৫ হাজার রাখাইন এই নাপ্পি উত্পাদন করে জীবিকা নির্বাহ করছেন। ১৬ জানুয়ারি সদর উপজেলার চৌফলদণ্ডি ইউনিয়নের মগপাড়ায় গিয়ে দেখা গেছে, রাখাইন (মগ) জনগোষ্ঠীর কয়েক শ নারী-পুরুষ ও শিশু পাশের বেড়িবাঁধে নাপ্পি তৈরির জন্য চিংড়ি মাছের শুঁটকি করছেন। উত্পাদিত নাপ্পি সরবরাহ করা হচ্ছে কক্সবাজার, টেকনাফ, চকরিয়া, পার্বত্য জেলার খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, বরিশাল, বরগুনা, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে। বাড়তি উপার্জনের আশায় কয়েক শ মুসলিম ও হিন্দু পরিবার নাপ্পি উত্পাদন করে। চৌফলদণ্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাওয়ে রাখাইন জানান, এই ইউনিয়নের দক্ষিণপাড়া, মগপাড়া, জালিয়াপাড়া, মাঝরপাড়া, চৌফলদণ্ডি, মধ্যমপাড়ার প্রায় ১০ হাজার মানুষ নাপ্পি উত্পাদন ও বিপণনের সঙ্গে জড়িত। পুরো শীত মৌসুমে উপকূলজুড়ে এই নাপ্পি তৈরির ধুম পড়ে। সাগরে যত বেশি মিম ইছা ধরা পড়বে, নাপ্পির উত্পাদন তত বাড়বে। নাপ্পি উত্পাদনকারী ওসালা রাখাইন জানান, সাগর থেকে ধরে আনা কাঁচা চিংড়ি খোলা জায়গায় ১২ ঘণ্টা রোদে শুকিয়ে শুঁটকি করা হয়। তারপর ওই শুঁটকি ঘরে নিয়ে ঢেঁকিতে গুঁড়া করা হয়। শুঁটকির গুঁড়া আরও ২৪ ঘণ্টা রোদে শুকানো হয়। তারপর পানির সঙ্গে অন্য দ্রবণ মিশিয়ে তৈরি করা হয় গুড়ের মতো খয়েরি রঙের নাপ্পি। এরপর ২০ কেজি করে বস্তায় ভরে গুদামজাত করা হয়। কয়েক বছরেও বস্তার নাপ্পি নষ্ট হয় না। প্রতি মণ নাপ্পির বর্তমান বাজারদর আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা। প্রতি মণে উত্পাদন খরচ ৬০০-৯০০ টাকা। রাখাইনরা জানায়, লবণ ছাড়া যেমন তরকারির স্বাদ পাওয়া যায় না, নাপ্পিও তাদের কাছে তেমনি। নাপ্পি তরকারিতে দিয়ে খাওয়া যায়। আবার এমনিও খাওয়া যায়। অতিথি আপ্যায়নে নাপ্পি পরিবারের সম্মান বাড়ায়। তবে মুসলমান সম্প্রদায় নাপ্পি খায় না।