রাখাইন পুরোহিত ভদন্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
বরগুনার আমতলী উপজেলার তালতলী জোয়রামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের প্রধান পুরোহিত ভদন্ত উ কেলাচা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। গত বছরের ৪ আগস্ট উ কেলাচা মহাথেরো ৮৪ বছর বয়সে মারা যান। এরপর ছয় মাস ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর মরদেহ মমিতে রূপান্তর করে মন্দিরে সংরক্ষণ করা হয়।বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় গুরু ও সংঘনায়কের অন্তিম যাত্রা উপলক্ষে তালতলী রাখাইন পাড়ায় ২৫ মার্চ থেকে শুরু হওয়া শেষকৃত্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার রাখাইন নারী-পুরুষসহ লাখো মানুষের সমাগম হয়। তালতলী জোয়রামা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারসংলগ্ন মাঠে শনিবার বিকেলে মরদেহে আতশবাজি নিক্ষেপের মাধ্যমে ধর্মীয় গুরুকে দাহ করেন রাখাইন ধর্মাবলম্বীরা। অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রাখাইন সম্প্রদায় তিন দিন ধরে নানা কর্মসূচি পালন করে। শেষকৃত্য অনুষ্ঠানের সমাপনী সভায় গতকাল বরগুনা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত হন। এ অনুষ্ঠানে আসা চট্টগ্রামের শিলোক সুধর্মানন্দ ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ ভদন্ত উ সুবর্ণ থেরো জানান, এ জাতীয় অনুষ্ঠান খুব একটা হয় না। তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তসহ ভারত, ইংল্যান্ড, মিয়ানমার থেকেও অনেক ভিক্ষু এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।