রাখাইন ভাষা শেখার বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী শিশুদের রাখাইন ভাষা শেখাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গোড়া আমখোলাপাড়ায় একটি বিদ্যালয় চালু হয়েছে। স্থায়ী অবকাঠামোসহ নানা সমস্যার কারণে রাখাইন ভাষা শিক্ষার এ কার্যক্রম ব্যাহত হচ্ছে।বর্তমানে বিদ্যালয়টিতে একজন নিয়োগ পাওয়া শিক্ষক আছেন। এর বাইরে গোড়া আমখোলা পাড়ার বিহারাধ্যক্ষ নিজেও স্বেচ্ছায় এ বিদ্যালয়ে শিক্ষাদান করছেন। প্রতিদিন দুই পালায় বিদ্যালয়ে ভাষা শিক্ষার কার্যক্রম চলে।সরেজমিনে দেখা গেছে, পাড়ার একেবারে পূর্ব পাশে টিনের চালা আর বাঁশের বেড়ার দোচালা একটি ঘরে রাখাইন শিশুরা পড়াশোনায় ব্যস্ত। শিক্ষার্থীরা উচ্চস্বরে রাখাইন বর্ণমালা পড়ছে। এক পাশের একটি চৌকিতে বসে ছবি আঁকছে কয়েকটি শিশু। শিববাড়িয়া নদীর পারের এই রাখাইন পাড়াটি প্রতিদিনই এভাবে কোলাহলমুখর হয় ছোট ছোট রাখাইন ছেলেমেয়ের উপস্থিতিতে। বর্তমানে বিদ্যালয়ে ২৫ জন শিক্ষার্থী আছে। শিক্ষক নিনি রাখাইন জানান, ওই সংস্থা থেকে রাখাইন বর্ণমালা শেখার বই, রাখাইন ভাষায় ছড়ার বই ও প্রতিটি শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের প্রথমে নিজ ভাষার বর্ণমালার সঙ্গে পরিচিত করা হয়। এ ছাড়া ছবি আঁকা ও নিজস্ব সংস্কৃতিও এখানে শেখানো হয়। রাখাইন ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে বাংলা ভাষার শিক্ষা কার্যক্রমও এখানে চালু করার ইচ্ছা রয়েছে।’ আদিবাসী এ জনগোষ্ঠীর ছোট ছেলে-মেয়েদের মাতৃভাষা শেখানোর জন্য চলতি বছরের ফেব্রুয়ারি থেকে লতাচাপলী ইউনিয়নে বেসরকারি সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় বিদ্যালয়টি চালু করা হয়। বাংলাদেশে অবস্থিত ডেনমার্ক দূতাবাসের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনে অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির কার্যক্রম চলছে।অ্যাকশন এইড বাংলাদেশের কলাপাড়া কার্যালয়ের কর্মকর্তা আহমেদ তৌহিদুল ইমাম বলেন, ‘রাখাইন ভাষা যাতে হারিয়ে না যায়, তার জন্য এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুটা আমরা করে দিলাম।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তী সময়ে আমাদের সহায়তা চালু থাকবে কি না, সেটা এখনই বলা যাচ্ছে না।’ তবে বিদ্যালয় বলতে যা বোঝায়, এখানে তা পুরোপুরি হয়ে ওঠেনি। শিক্ষার্থীদের চাপ বাড়ায় বিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো তৈরির প্রয়োজন হয়ে পড়েছে। তা ছাড়া, বসার কোনো বেঞ্চ না থাকায় রাখাইন ছেলেমেয়েরা মেঝেতে ত্রিপলের ওপর বসে পড়াশোনা করে। পাড়ার বাসিন্দা লাচান রাখাইন বলেন, ‘রাখাইন ভাষা বলতে পারলেই তো হবে না। লিখতেও জানতে হইবে। হাতে-কলমে ভাষা শেখার জন্য এই ইসকুলডা আমাগো ছেলে-মেয়েদের জন্য প্রয়োজন ছিল।